রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
নাটোরের বড়াইগ্রামে এক বিয়ে বাড়িতে সাউন্ডবক্সে উচ্চ আওয়াজে গান বাজানোর জেরে সংঘর্ষে প্রাণ গেল এক যুবকের। শনিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ধলা মানিকপুর পশ্চিমপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কামাল বেপারী (৩৫) স্থানীয় কৃষক ও মৃত ইসমাইল বেপারীর ছেলে।
স্থানীয়রা জানান, কামালের বড় ভাই জালাল বেপারীর ছেলে সুমনের বিয়ে উপলক্ষে নববধূকে বাড়িতে তোলার আনন্দে পরিবার জোরে গান বাজাচ্ছিল। এতে পাশের বাড়ির সামসুল বেপারী (৪২), শাজাহান বেপারী (৫০) ও শাহাদত বেপারী (৫৫) ক্ষুব্ধ হয়ে বিয়ে বাড়িতে গিয়ে আপত্তি জানান। কথাকাটাকাটির একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে কামালকে কিল-ঘুষি ও লাথি মারলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, অভিযুক্ত তিন ভাই ঘটনার পরপরই পালিয়ে যান। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।