রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১২টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের ভবিষ্যৎ দিকনির্দেশনা ও ফটো সাংবাদিকদের পেশাগত উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আব্দুর রহিম। তিনি বলেন, “সংগঠনকে আরো গতিশীল ও কার্যকর করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি সমাজের জন্য একটি বড় দায়িত্ব। বগুড়ার ফটো সাংবাদিকরা এই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছেন, যা সংবাদপত্র জগতের ভাবমূর্তি সমুন্নত রাখতে সহায়ক।”
সংগঠনের সাধারণ সম্পাদক কাউছার উল্লাহ আরিফের দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুল লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আল মুমিন, প্রদর্শনী সম্পাদক জাফর আহম্মেদ মিলন, কোষাধ্যক্ষ মামুনুর রশিদ মামুন ও কার্যনির্বাহী সদস্য সাবু ইসলাম।
বক্তারা বলেন, প্রযুক্তির অগ্রগতির সাথে তাল মিলিয়ে ফটো সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি করা জরুরি। ডিজিটাল যুগে ছবি কেবল সংবাদ প্রকাশের মাধ্যম নয়, এটি সামাজিক সচেতনতা তৈরিরও শক্তিশালী উপাদান। তাই বস্তুনিষ্ঠ সংবাদচিত্র উপস্থাপনে প্রতিটি সদস্যকে আরো মনোযোগী হতে হবে।
সভায় সিদ্ধান্ত হয় যে, আগামী দিনে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা, ফটো প্রদর্শনী ও গণমাধ্যমে ফটো সাংবাদিকতার গুরুত্ব নিয়ে সেমিনারের আয়োজন করা হবে। এছাড়া, সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে সংগঠনের বর্তমান কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে মুক্ত আলোচনা হয়, যেখানে উপস্থিত সদস্যরা নিজেদের মতামত তুলে ধরেন। আলোচনা সভাটি শেষ হয় আগামী কর্মপরিকল্পনা নির্ধারণের মধ্য দিয়ে।
বগুড়ার সাংবাদিক সমাজের জন্য এটি ছিল একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা, যা পেশাগত মানোন্নয়ন এবং সংহতি বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।