রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় গরুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল পাঁচজনের। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, যা মুহূর্তেই শোকে স্তব্ধ করে স্থানীয়দের।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁ থেকে গরু বোঝাই একটি ট্রাক বগুড়ার দিকে আসছিল। দ্রুতগতির ট্রাকটি দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকায় প্রবেশের সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তীব্র সংঘর্ষ হয়। মুহূর্তেই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়, ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরেকজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
নিহতরা হলেন—দুপচাঁচিয়া উপজেলার বানিয়াদিঘীর মো. মোজাহার (৬০) ও মো. সাফিকুল ইসলাম (৪৫), আদমদীঘির বড় আকিড়ার শহিদুল ইসলাম (৬০), দুপচাঁচিয়ার মাঝিপাড়ার মেজবাহ (৩২) এবং ডিপুইল গ্রামের অটোরিকশাচালক ময়েন সরদার (৫৫)।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, নিহতদের মধ্যে একজন অটোরিকশাচালক ও তিনজন স্থানীয় একটি টাইলস কারখানার শ্রমিক, যাঁরা প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ি ফিরছিলেন। কিন্তু আজ আর তাঁরা বাড়ি ফিরতে পারলেন না। দুর্ঘটনার পর ঘটনাস্থলে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। নিহতদের লাশ দুপচাঁচিয়া থানায় রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, মহাসড়কে দ্রুতগতির যানবাহনের কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। তবে আজকের দুর্ঘটনা স্থানীয়দের মনে গভীর দাগ কেটে গেল।