রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
গাজীপুরসহ দেশজুড়ে চলমান বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এ গাজীপুরে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর ব্যাপক ধরপাকড় চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার রাতভর অভিযানে সেনাবাহিনী, র্যাব, পুলিশসহ যৌথ বাহিনী ৬৫ জন নেতাকর্মীকে আটক করেছে।
বিশেষ সূত্রের দাবি, এ অভিযান নেতাকর্মীদের কোণঠাসা করতেই পরিচালিত হচ্ছে, যদিও প্রশাসন এটিকে সাধারণ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ বলছে। গাজীপুর জেলার ৫ থানায় ৪০ জন এবং মহানগরীর ৭ থানায় আরও ২৫ জন আটক হন।
গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানিয়েছেন, জেলার শ্রীপুর, কালীগঞ্জ, কাপাসিয়া, কালিয়াকৈর ও জয়দেবপুর থানায় ব্যাপক ধরপাকড় চালিয়ে ৪০ জনকে আটক করা হয়েছে, যাদের সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
অন্যদিকে মহানগরীর ৮ থানার মধ্যে টঙ্গী পূর্ব ও পূবাইল থেকে ২ জন, গাছা থানায় ৫ জন, বাসন থানায় ৮ জন, কোনাবাড়িতে ২ জন, সদর থানায় ৪ জন এবং কাশিমপুর থানায় ৪ জন আটক হন বলে নিশ্চিত করেছেন গাজীপুরের উপ-কমিশনার (উত্তর) রিয়াজ উদ্দিন আহমেদ।
রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করা এই অভিযানে আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা উদ্বেগ প্রকাশ করেছেন, যদিও প্রশাসন বিষয়টিকে রুটিন অভিযান বলেই দাবি করছে।