মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
মোহাম্মদ কেফায়েত উল্লাহ, খাগড়াছড়ি প্রতিনিধি
মোহাম্মদ কেফায়েত উল্লাহ, খাগড়াছড়ি থেকে : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের দুর্গম এলাকায় পাহাড়ের দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনায় অন্তত চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার দুর্গম নাড়াইছড়ি এলাকার ডুলুছড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়।
দীঘিনালা থানার পুলিশসূত্রে জানা যায়, ইউপিডিএফ (প্রসিত বিকাশ খীসা) গ্রুপের সশস্ত্র শাখার কমান্ডার বিপ্লব চাকমার নেতৃত্বে প্রায় ৪০-৪৫ জনের একটি দল এবং সন্তু লারমা’র নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)-এর সশস্ত্র কমান্ডার জয়দেব চাকমার নেতৃত্বে ৪০-৪২ জনের আরেকটি দল ডুলুছড়ি এলাকায় মুখোমুখি হলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি শুরু হয়।
ঘটনাস্থলেই ৪ জন নিহত হয় এবং বেশ কয়েকজন আহত হয় বলে জানা যায়। পরে নিহত ও আহতদের সশস্ত্র সংগঠন দুটো সরিয়ে নিয়ে যায় বলে নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়। নিহত ও আহতদের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংঘর্ষে ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের সামরিক শাখা ‘গণমুক্তি ফৌজ’ বা ‘পিপলস লিবারেশন আর্মি’র চার সদস্য নিহত হয়েছেন। এ সময় ৪০০ রাউন্ড গুলি বিনিময় হয়েছে বলে বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে। তবে এ ঘটনায় আহত ও নিহতদের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের দায়িত্বশীল একটি পক্ষ এ ধরনের তথ্য অস্বীকার করেছেন।
ইউপিডিএফ’র সংগঠক অংগ্য মারমা জানান, এমন কোনো সংঘর্ষের বিষয়ে আমি জানি না। যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে, আমরা আমাদের দলের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে থাকি।
ওসি জাকারিয়া বলেন, ‘‘ঘটনাস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে থমথমে। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি।’’ ঘটনাস্থলটি দুর্গম এলাকায় হওয়ায় পুলিশ সেখানে এখন পর্যন্ত পৌছাতে পারেনি।