বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
মাটিরাঙ্গায় ভয়াবহ বাস-হোন্ডার সংঘর্ষে প্রাণহানি, কী ঘটলো?
মোহাম্মদ কেফায়েত উল্লাহ, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলা সদরে বাস ও হোন্ডার মুখোমুখি সংঘর্ষে দিবালা ত্রিপুরা (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় শ্যামল বিকাশ ত্রিপুরা (৩১) নামের হোন্ডাচালক গুরুতর আহত হন।
আজ (১২ জুলাই) সকাল ৯ ঘটিকার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের পরিচালনাধীন সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দিবালা ত্রিপুরা গুইমারা উপজেলার আড়বাড়ি এলাকার ধন চন্দ্র ত্রিপুরার স্ত্রী।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায়, চট্টগ্রামগামী শান্তি পরিবহন সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলের পেছনে থাকা দিবালা ত্রিপুরা ঘটনাস্থলেই প্রাণ হারান এবং চালক শ্যামল বিকাশ ত্রিপুরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিবালা ত্রিপুরাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরপরই মাটিরাঙ্গা সেনা জোন উভয় বাহনই আটক করে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করেছে। তবে শান্তি পরিবহনের চালক ঘটনার পরপরই পালিয়ে যায় বলে জানা যায়।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) তফিকুল ইসলাম তৌফিক জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।