সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
গতকাল দুপুর দেড়টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের নিয়ে ১৮তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন বছরে চুক্তিভুক্ত ক্রিকেটারদের পারিশ্রমিক ও ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলেও, বিস্ময়করভাবে সামনে এসেছে সাকিব আল হাসানের জমে থাকা বেতনের বিষয়টি। বিসিবিরই এক কর্মকর্তা ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে জানিয়েছেন, ২০২৪ সালে তিন সংস্করণেই সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা সাকিব এখনো গত চার মাসের (সেপ্টেম্বর-ডিসেম্বর) পারিশ্রমিক পাননি। কারণ? তার ব্যাংক একাউন্ট ফ্রিজ থাকা!
গত নভেম্বরে সাকিব ও তার স্ত্রীর ব্যাংক একাউন্ট জব্দ করায় বিসিবি তার পাওনা পরিশোধ করতে পারেনি। অথচ বিসিবির নিয়ম অনুযায়ী, চুক্তিভুক্ত ক্রিকেটাররা খেলুন বা না খেলুন, নির্ধারিত পারিশ্রমিক পেতে বাধ্য। আর্থিক সংকটে না পড়লেও, বিসিবির এই বিলম্ব নিয়ে প্রশ্ন উঠছে ভক্তদের মাঝে।
২০২৪ সালে চুক্তির তালিকায় লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও শরীফুল ইসলামের সঙ্গেই ছিলেন সাকিব। তবে সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা তার মোট পাওনা ৪৮ লাখ টাকা—যার ওপর কর কর্তন হবে।
বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সে (সাকিব) চুক্তি অনুযায়ী তার টাকা অবশ্যই পাবে। কারণ চুক্তি থাকলে খেলোয়াড় তার পারিশ্রমিক পাবেনই। বিসিবি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবে।’
কিন্তু প্রশ্ন থেকে যায়—এই জটিলতার সমাধান কবে হবে? আর সাকিব কি তার প্রাপ্য বুঝে পেতে নতুন কোনো আইনি পথে হাঁটবেন?