সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
বোলারদের রাজা ফিরেছেন, এবার কথায় নয়—উত্তর শুধু উইকেটে!
অনলাইন ডেস্ক
লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত বোলিংয়ে সমালোচকদের মুখ বন্ধ করলেন জসপ্রিত বুমরাহ। ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে তাণ্ডব চালিয়ে পাঁচ উইকেট তুলে নিয়ে নিজের নাম তুলেছেন লর্ডস অনার্স বোর্ডে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে একেবারে নির্ভীক ভঙ্গিতে নিজের অনুভূতি প্রকাশ করেন ভারতীয় এই গতিময় পেসার।
৩১ বছর বয়সী বুমরাহ দ্যুতিময় স্পেলে ব্রুক, রুট, স্টোকস এবং আর্চারকে ফিরিয়ে দেন সরাসরি স্টাম্প ভেঙে। আর ওকসকে ক্যাচ বানিয়ে থামান। এই পারফরম্যান্স আবারও প্রমাণ করে দেয় কেন তিনি বিশ্বের সেরা টেস্ট বোলার।
তবে মাঠের বাইরের কথাবার্তাও কম হয়নি। সিরিজের শুরু থেকেই তার ফিটনেস, ‘ওয়ার্কলোড’ ও মাত্র তিন টেস্ট খেলা নিয়ে চলছিল আলোচনা। সে প্রসঙ্গে বুমরাহ বলেন, ‘কে কী বলছে তাতে আমার কিছু আসে যায় না। এখনকার যুগটাই ভিউ, সাবস্ক্রাইবার আর ক্লিকবেটের। ক্যামেরার সামনে থাকা মানেই বিচার চলবে।’
তিনি আরও যোগ করেন, ‘যারা আমার নিয়ে ভিডিও বানিয়ে আয় করছে, তাদের জন্য শুভ কামনা। আমি খেলার মাঠে কাজ করি, গসিপে নয়। যতক্ষণ ভারতীয় জার্সি পরে আছি, ততক্ষণ পারফরম্যান্সই আমার বিচারক।’ উদাহরণ দেন শচীন টেন্ডুলকারের—‘শচীন স্যার ২০০ টেস্ট খেলে শেষ পর্যন্ত সমালোচনা থেকে রেহাই পাননি। তাহলে আমি তো নস্যি।’
দ্বিতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ড অলআউট হয় ৩৮৭ রানে, যেখানে জো রুট খেলেন এক অনবদ্য সেঞ্চুরি। জবাবে ভারত সংগ্রহ করে ১৪৫/৩। ক্রিজে ছিলেন কেএল রাহুল (৫৩*) ও ঋষভ পন্ত (১৯*)।
বুমরাহর সাহসী বার্তা এবং মাঠে আগুনে স্পেল টিম ইন্ডিয়াকে শুধু এগিয়ে দেয়নি, বরং প্রমাণ করে দিল, সমালোচকদের শব্দ নয়, জবাব দিতে হয় বল হাতে।