সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
পুরনো হারের বদলা নিতে প্রস্তুত আগুনঝরা টাইগার বাহিনী!
অনলাইন ডেস্ক
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে হার এখনও পোড়াচ্ছে বাংলাদেশকে। সেই দুঃখ ভুলে নতুন উদ্দীপনায় আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি লড়াই। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে টাইগাররা মাঠে নামবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
২০১৩ সালে এই ভেন্যুতে একমাত্র টি-টোয়েন্টি খেলেই হার দেখেছিল বাংলাদেশ। তবে পরিসংখ্যান বলছে, শ্রীলঙ্কার মাটিতে পাঁচ ম্যাচের তিনটিতে জয় পেয়েছে টাইগাররা। দুই দলের সবশেষ ১৭ দেখায় বাংলাদেশ জিতেছে ৬টি ম্যাচে, আর লঙ্কানরা বাকি ১১টি ম্যাচে।
সিরিজ শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস স্বীকার করেছেন স্বাগতিকদের ফেভারিট হিসেবে। তবে নিজেদের রণকৌশলের ওপর আস্থা রেখেই মাঠে নামতে চান তিনি।
প্রথম ম্যাচে সম্ভাব্য ওপেনিংয়ে থাকছেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। তিন নম্বরে ব্যাট হাতে নামবেন অধিনায়ক লিটন দাস। মিডল অর্ডারে দেখা যাবে তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারীকে। ফিনিশিংয়ে দায়িত্বে থাকবেন রিশাদ হোসেন।
অলরাউন্ডার হিসেবে মাঠ মাতাবেন শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন। পেস আক্রমণ সামলাবেন মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।