বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
এজবাস্টনে গিলের টানা সেঞ্চুরি, জয়সওয়ালের কষ্টের গল্প!
অনলাইন ডেস্ক
তাদের দুজনকেই ভারতের ক্রিকেটের ভবিষ্যৎ বলা হয়। বিরাট কোহলি ও রোহিত শর্মার অবসানের পর নতুন যুগের শুরুতে হেডিংলি টেস্টে শতক হাঁকিয়েছিলেন দুজনেই। তবে এজবাস্টনে গতকাল শুরু হওয়া টেস্টে চিত্রটা কিছুটা হতাশার। দুর্দান্ত সেঞ্চুরি পেয়েছেন অধিনায়ক শুভমান গিল, কিন্তু যশস্বী জয়সওয়ালকে কেবল আফসোসই পোড়াচ্ছে। সেঞ্চুরির খুব কাছে গিয়েও থেমে যেতে হয়েছে ৮৭ রানে।
বুধবার (২ জুলাই) এজবাস্টনে প্রথম দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ৩১০। গিল অপরাজিত ১১৪ রানে এবং ৪১ রানে অপরাজিত রয়েছেন রবীন্দ্র জাদেজা।
শুরুর দিকে পেসবান্ধব উইকেটের সহায়তা নিয়ে ক্রিস ওকস আঘাত হানেন। অষ্টম ওভারে লোকেশ রাহুলকে বোল্ড করে ইংল্যান্ডের প্রথম সাফল্য এনে দেন তিনি। দ্বিতীয় উইকেটে জয়সওয়াল ও করুন নায়ারের ৮০ রানের জুটি হলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন ৮ বছর পর টেস্টে ফেরা নায়ার। ৫০ বলে ৩১ রান করে ব্রাইডন কার্সের বলে স্লিপে ক্যাচ তুলে বিদায় নেন তিনি।
৯৫ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর ব্যাট হাতে নামেন গিল। জয়সওয়ালকে সঙ্গে নিয়ে গড়েন ৬৬ রানের জুটি। হেডিংলিতে সেঞ্চুরির পর আবারও শতকের আশা জাগিয়েছিলেন জয়সওয়াল, কিন্তু ১৩ রানের জন্য বঞ্চিত হন। বেন স্টোকসের শর্ট বলে খোঁচা দিতে গিয়ে উইকেটকিপারের হাতে ধরা পড়েন বাঁহাতি ওপেনার।
এরপর ব্যাটিংয়ে নামা ঋষভ পান্তও বেশি কিছু করতে পারেননি। ৪২ বলে ২৫ রান করে শোয়েব বশিরের বলে লং অনে ক্যাচ দিয়ে ফেরেন হেডিংলিতে জোড়া সেঞ্চুরির নায়ক। পরে দ্রুতই বিদায় নেন নীতীশ কুমার রেড্ডি।
২১১ রানে ৫ উইকেট হারিয়ে বাকি ২৩.২ ওভার নির্বিঘ্নে কাটিয়ে দেন গিল ও জাদেজা। অধিনায়ক গিল পেয়ে যান টানা দুই টেস্টে সেঞ্চুরির স্বাদ।
এজবাস্টন টেস্টের এই সেঞ্চুরি দিয়ে বিরল এক রেকর্ডেও নাম তুলেছেন ভারতের তরুণ অধিনায়ক। ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচেই সেঞ্চুরি করা নবম বিদেশি অধিনায়ক হিসেবে ইতিহাসে জায়গা করে নিলেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে)
ভারত ১ম ইনিংস: ৮৫ ওভারে ৩১০/৫ (গিল ১১৪*, জয়সওয়াল ৮৭, জাদেজা ৪১*, নায়ার ৩১; ওকস ২/৫৯, কার্স ১/৪৯, স্টোকস ১/৫৮)।