সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সাকিবকে ছাড়াই নামছে রংপুর, বাস্তবতা নাকি রাজনৈতিক কৌশল?
অনলাইন ডেস্ক
চ্যাম্পিয়ন হিসেবেই গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরে খেলতে যাচ্ছে রংপুর রাইডার্স। প্রথম আসরেই ট্রফি জিতে শিরোপা ধরে রাখার মিশনে নামছে বাংলাদেশের দলটি। এবারও রংপুরের নজর ছিল সাকিব আল হাসানকে দলে ভেড়ানোর দিকে। গুঞ্জন ছিল আলোচনাও চলেছে। কিন্তু চমকপ্রদভাবে শেষমেশ সাকিববিহীন দলই ঘোষণা করেছে রংপুর। বিশ্বসেরা অলরাউন্ডারকে নিতে চেয়েও দেশের চলমান রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় তাকে স্কোয়াডে রাখেনি বলে জানায় দলটি। আজ এক জমকালো সংবাদ সম্মেলনে জার্সি উন্মোচনের পর এসব জানান রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শানিয়ান তানিম।
আগস্টের আগে থেকেই দেশের বাইরে অবস্থান করছেন সাকিব। দেশের রাজনৈতিক পালাবদলের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। ফলে দেশে ফেরার পথ অনিশ্চিত হয়ে পড়েছে। তবে বিদেশে লিগ খেলতে কোনো আইনগত বাধা নেই তার। পাকিস্তান সুপার লিগ শেষে এবার সিপিএলেও খেলবেন এই বাঁহাতি তারকা। ১০ থেকে ১৮ জুলাই গায়ানা প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য জিএসএলে অংশ নিতে তার কোনো সমস্যা ছিল না। তাহলে কেন বাদ? গণমাধ্যমের সামনে সেই ব্যাখ্যায় শানিয়ান বললেন, ‘সাকিব আল হাসান কেবল বাংলাদেশের নয়, বিশ্বের যেকোনো ফ্র্যাঞ্চাইজি দলের জন্যই সম্পদ। আমরা তাকে চাইনি—এটা ঠিক নয়। তবে দেশের বাস্তবতায় আমরা ঝুঁকি নিতে যাইনি।’
তিনি আরও বলেন, ক্রিকেটার সাকিব নিষিদ্ধ নন। যেকোনো দেশে, যেকোনো লিগে খেলার সুযোগ তার রয়েছে। এমনকি তাকে দলে নেওয়ার বিষয়ে কোনো সরকারি নির্দেশনাও ছিল না। ‘সিদ্ধান্তটা সম্পূর্ণ ম্যানেজমেন্টের। বর্তমান পরিস্থিতিতে আমরা নিশ্চিত ছিলাম না তাকে দলে নেওয়ার পরে কী প্রতিক্রিয়া হতে পারে। সাকিব নিজেও এই পরিস্থিতি সম্পর্কে ওয়াকিফহাল,’ বলেন তিনি।
রংপুর রাইডার্সের প্রথম আসরের ট্রফি জেতানো অধিনায়ক নুরুল হাসান সোহান এবারও নেতৃত্বে। সাকিবকে না পাওয়ার আক্ষেপ ঝরে পড়ে সোহানের কণ্ঠে, ‘আমি কেবল ক্রিকেটার সাকিব আল হাসানকেই চিনি। সব সময়ই চাইব তার সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করতে। সেটা গর্বের ব্যাপার। যে দলেই খেলেন না কেন, সাকিব সেই দলের বড় সম্পদ হয়ে উঠবেন। বাংলাদেশ বহু বছর ধরে সেটা টের পেয়েছে। ক্রিকেটার সাকিব আল হাসানকে অবহেলা করার কোনো সুযোগই নেই।