সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
রাজনীতি থেমেছে, এবার মাঠে গড়াবে ক্রিকেট যুদ্ধ!
অনলাইন ডেস্ক
দীর্ঘ অনিশ্চয়তা আর রাজনৈতিক টানাপোড়েনের পর অবশেষে আলো দেখছে এশিয়া কাপ। ভারত-পাকিস্তান উত্তেজনায় টালমাটাল হয়ে পড়া এই প্রতিযোগিতা এখন সেপ্টেম্বরে মাঠে গড়াতে পারে বলে জানাচ্ছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’।
ক্রিকবাজের ঘনিষ্ঠ সূত্রের বরাতে বলা হচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ সেপ্টেম্বর শুরু হতে পারে ছয় দলের এই টি-টোয়েন্টি সংস্করণের আসর। চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে চলতি সপ্তাহেই, আর সূচি প্রকাশ হবে জুলাইয়ের শুরুতেই।
আয়োজক হিসেবে ভারতের নাম থাকলেও পাকিস্তানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্টটি আয়োজনের দিকেই ঝুঁকছে সবাই। সংযুক্ত আরব আমিরাত এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে থাকলেও, হাইব্রিড পদ্ধতির কথাও বিবেচনায় রয়েছে।
এপ্রিলের পেহেলগামে সন্ত্রাসী হামলা এবং মে মাসের ‘অপারেশন সিঁদুর’ অভিযান এশিয়া কাপকে ঘিরে অনিশ্চয়তা আরও বাড়িয়ে দিয়েছিল। ভারতের একাধিক মহল থেকে পাকিস্তান বয়কটের দাবি উঠলেও, বাস্তবতা বলছে ভিন্ন কথা। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকলেও, এশিয়া কাপে মুখোমুখি লড়াই এখন অনেকটাই অবশ্যম্ভাবী।
সম্প্রতি আইসিসি ঘোষণা দিয়েছে, নারী ওয়ানডে বিশ্বকাপে ৫ অক্টোবর ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ জুন দেখা হবে ভারত-পাকিস্তানের। একইসঙ্গে এসিসি কাজ চালিয়ে যাচ্ছে এশিয়া কাপ আয়োজনের দিকেও, যেখানে বড় ভূমিকা রাখছে টিভি স্বত্ব ও স্পনসরশিপের বিপুল চাপ।
বিসিসিআই সরাসরি ভারত-পাকিস্তান ম্যাচে নির্ভরশীল না হলেও, আইসিসি, এসিসি ও অন্যান্য বোর্ডের আয়ের প্রধান উৎস এখন এই মহারণ। তাই দ্বিপাক্ষিক বিরোধ থাকলেও আন্তর্জাতিক মঞ্চে মুখোমুখি হওয়ার বাস্তবতা দিনকে দিন জোরালো হচ্ছে।
যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সাম্প্রতিক গতিপথ বলছে—এশিয়া কাপ ২০২৫ বাতিল নয়, বরং মাঠে নামছে অপেক্ষমাণ রোমাঞ্চ। আর ভারত-পাকিস্তান ম্যাচ মানেই তো আরেকটা বিশ্বকাপের উত্তেজনা!