সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
হারের পরে অধিনায়ক শান্তের কণ্ঠে হতাশার ছাপ স্পষ্ট!
অনলাইন ডেস্ক
কলম্বোতে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় ব্যবধানে পরাজয়ের পর তীব্র হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম টেস্টে লড়াকু মানসিকতা দেখালেও দ্বিতীয় ম্যাচে দলের পারফরম্যান্সে হতাশা ছড়িয়েছেন শান্ত, স্পষ্ট করে ব্যাটারদের দায় চাপিয়েছেন।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে শান্ত বলেন, ‘প্রথম টেস্ট যেভাবে শেষ করেছিলাম, তার পর এই টেস্টের ফল খুবই হতাশাজনক। প্রথম ইনিংসে আমরা একদমই ভালো ব্যাটিং করতে পারিনি। সুযোগ ছিল, কিন্তু কাজে লাগাতে পারিনি।’
টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত সঠিক মনে হলেও ব্যাটারদের শট নির্বাচনে তিনি অসন্তুষ্ট। ‘আমি এখনও মনে করি ব্যাটিং নেওয়াই সঠিক ছিল। উইকেট ধীর হলেও যেভাবে আউট হয়েছি, তা মোটেই গ্রহণযোগ্য নয়। সবাই সহজ পথ খোঁজার চেষ্টায় ভুল করেছে,’ যোগ করেন শান্ত।
তবে বোলারদের পারফরম্যান্সে কিছুটা স্বস্তি পেয়েছেন তিনি। ‘তৃতীয় দিনে যেভাবে বোলিং হয়েছে, তা দেখেই ভালো লেগেছে। এই পরিস্থিতিতে এমন বোলিং সত্যিই প্রশংসনীয়।’
প্রথম টেস্টে কঠিন পরিস্থিতিতে প্রতিরোধ গড়ে তোলা বাংলাদেশ দলের ব্যাটিংয়ে দ্বিতীয় ম্যাচে যেন ছায়া পড়েছে। শান্তর মতে, ব্যাটারদের দায়িত্বশীলতা ও শট নির্বাচনে আরও বিচক্ষণ হতে হবে।
এখন অপেক্ষা, এই ব্যর্থতার পর অধিনায়কত্ব ত্যাগের গুঞ্জনের প্রভাব শান্তর ওপর কী ধরনের হয়।