সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
পিএসএলের আতঙ্কেই পিছিয়ে গেলেন নাহিদ রানা!
অনলাইন ডেস্ক
তিন ম্যাচের উত্তেজনাপূর্ণ টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে রওনা দেবে বাংলাদেশ দল। স্কোয়াডে থাকলেও শেষ মুহূর্তে নিজের নাম তুলে নিয়েছেন উদীয়মান পেসার নাহিদ রানা। সফরে থাকছেন না দলের ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট ও ট্রেনারও। তবে আইপিএল শেষ করে ভারত থেকে সরাসরি পাকিস্তানে যোগ দেবেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিম বিষয়টি বুধবার (২১ মে) গণমাধ্যমকে নিশ্চিত করেন।
মাত্র ক’দিন আগেই পেশোয়ার জালমির হয়ে পিএসএল খেলতে পাকিস্তানে পাড়ি জমিয়েছিলেন তরুণ তুর্কি নাহিদ রানা। আরেক বাংলাদেশি রিশাদ হোসেন খেলেছিলেন লাহোর কালান্দার্সের হয়ে। তবে ভারত-পাকিস্তান সীমান্তে তীব্র উত্তেজনার জেরে মাঝপথেই স্থগিত হয়ে যায় এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ।
জরুরি ভিত্তিতে বিশেষ ফ্লাইটে দুবাই হয়ে দেশে ফিরতে হয় দুই তরুণ ক্রিকেটারকে। এরপরই তারা জানতে পারেন, বিমান ছাড়ার ঘণ্টা খানেকের মধ্যে সেই বিমানবন্দরেই হয়েছে ক্ষেপণাস্ত্র হামলা! যদিও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, আর পাকিস্তানও দিয়েছে সর্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতি। তবুও সেই ভয়ানক অভিজ্ঞতা এখনো তাড়া করে বেড়াচ্ছে নাহিদকে। ফলাফল, সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার।
এ বিষয়ে ফাহিম বলেন, ‘নাহিদের যে অভিজ্ঞতা হয়েছে পাকিস্তানে, সম্ভবত সেই ভয় থেকেই সে আর যেতে চায় না।’
শুধু নাহিদ নন, এমন ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হতে চান না বলেই পাকিস্তান সফর থেকে সরে দাঁড়িয়েছেন ফিল্ডিং কোচ প্যামেন্ট এবং দলের ট্রেনার। তবে সাহসিকতার পরিচয় দিয়ে সফরে যাচ্ছেন রিশাদ হোসেন, যিনি একই অভিজ্ঞতার মধ্য দিয়েও মানসিকভাবে প্রস্তুত।
ফাহিম বলেন, ‘নাহিদ মানসিকভাবে অস্থির, অন্য দুইজন ওই পরিস্থিতির সামনে পড়তে চান না, তাই যাচ্ছেন না।’
পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিসিবির আশ্বাসও দিয়েছেন ফাহিম। বলেন, ‘ওখানে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পাকিস্তান, আর বাংলাদেশ থেকেও একটি নিরাপত্তা প্রতিনিধি দল যাবে পর্যবেক্ষণে।’
এদিকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে যান মোস্তাফিজ। পাকিস্তান সিরিজে আবার ফিরছেন তিনি টাইগারদের ডেরায়।
পাকিস্তান সিরিজ নিয়ে আশাবাদী হলেও বোলিং নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ফাহিম। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২০৬ রান করেও ম্যাচ হেরেছে বাংলাদেশ, যা চিন্তার কারণ।
ফাহিম বলেন, ‘পাকিস্তান সফরে ভালো খেলার সম্ভাবনা আছে, ব্যাটিং ভালো হচ্ছে। তবে বোলিং নিয়ে কিছুটা দুর্বলতা আছে। আশা করি সেটা কাটিয়ে উঠবে দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে।’
সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ মে, দ্বিতীয় ম্যাচ ২৯ মে এবং তৃতীয় ও শেষ ম্যাচ ১ জুন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।