বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
মুক্তিযুদ্ধে শেখ মুজিব ছিলেন না, দাবি করলেন সারজিস!
অনলাইন ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এক বিস্ফোরক মন্তব্যে বলেছেন, মুক্তিযুদ্ধের গোড়ার দিকে শেখ মুজিবুর রহমান ইচ্ছাকৃতভাবে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন এবং বিজয়ের পর পর্যন্ত পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন। তার ভাষ্যে, যুদ্ধ শুরুর আগে শেখ মুজিবুর রহমানের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও, মুক্তিযুদ্ধের সময় তিনি সরাসরি নেতৃত্ব দেননি বা মাঠে ছিলেন না।
বুধবার (০৪ জুন) সকাল ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে সারজিস আলম এসব মন্তব্য করেন।
তিনি বলেন, “যে সময় জাতির অস্তিত্বের লড়াই চলছিল, সে সময় শেখ মুজিব কারাগারে। অথচ যুদ্ধের সময় তাজউদ্দীন আহমদ জীবনের ঝুঁকি নিয়ে নেতৃত্ব দিয়েছেন। তার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হওয়া কি ন্যায়সঙ্গত?”
সারজিস আরও বলেন, “যে মন্ত্রণালয়ের কাজ হওয়া উচিত ছিল ভুয়া মুক্তিযোদ্ধা খুঁজে বের করে তাদের সনদ বাতিল করা, তারা বরং যুদ্ধের সময় মাটি কামড়ে পড়ে থাকা প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দিচ্ছে। এটি একটি হাস্যকর ও দুঃখজনক দৃষ্টান্ত।”
তার ভাষ্য, “ইতিহাস যেন কখনো ক্ষমতাসীনদের হাতিয়ার না হয়। ইতিহাসকে তার নিজস্ব গতিতে, নিরপেক্ষভাবে চলতে দিতে হবে—এটাই হওয়া উচিত রাষ্ট্রের নীতিমালা।”
এই মন্তব্যের পর গণমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।