সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
গত বছরের ৭ অক্টোবরের পর এখন পর্যন্ত ইসরায়েলি ভূখণ্ডে ২৬ হাজার রকেট হামলা করা হয়েছে। কখনো হামাস, কখনো হিজবুল্লাহ এমনকি ইরানও রকেট হামলা চালিয়েছে ইসরায়েলে। ইসরায়েলি চ্যানেল টুয়েলভের সূত্রে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য প্রকাশ করেছে।
গতকাল রবিবার চ্যানেল টুয়েলভের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল অধিকৃত অঞ্চলে ২৬ হাজার ৩৬০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। তবে বেশিরভাগ রকেটই তারা প্রতিহত করতে সক্ষম হয়েছে।
গত বছরের ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তির জন্য সংগ্রামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এ হামলার ফলে ইসরায়েলে এক হাজার ৪০০ জন নিহত হয়। এরপর থেকে ইসরায়েলি বাহিনী গাজার ওপর আরও কঠোর নিপীড়ন শুরু করে। সেদিনের পর থেকে পরিচালিত সামরিক অভিযানে ৪০ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, আহত হয়েছে ৯০ হাজারের বেশি। হতাহতদের মধ্যে বেশিরভাগই নিরীহ বেসামরিক নাগরিক।
এই এক বছরেরও বেশি সময়ে বিভিন্ন সময় হামাস রকেট হামলা চালিয়েছে। লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও নিয়মিত বিরতিতে হামলা চালিয়েছে ইসরায়েলি ভূখণ্ডে। ইরানও এই সময়ে দুইবার হামলা চালিয়েছে ইসরায়েলে। তবে এত বিপুল সংখ্যক রকেট নিক্ষেপের পরও ইসরায়েলের ক্ষয়ক্ষতি ততটা গুরুতর নয়। অধিকাংশ ক্ষেত্রে তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এই হামলা প্রতিহত করেছে।