শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
পাকিস্তান আফগানিস্তানের পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে, যার ফলে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছেন। এই হামলা সন্ত্রাসীদের আস্তানাকে লক্ষ্য করে করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।
আজ বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আফগান সংবাদ সংস্থা খামা প্রেস।
খামা প্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় পাকিস্তানি সামরিক বাহিনী একাধিক দফায় বিমান হামলা চালিয়েছে, যার ফলে নারী ও শিশুসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ প্রতিবেদনে আরও বলা হয়, পাকতিকা প্রদেশের বারমাল জেলার লামানসহ সাতটি গ্রামকে লক্ষ্য করে গতকাল মঙ্গলবার রাতে এসব বিমান হামলা চালানো হয়। এই হামলায় একটি পরিবারের পাঁচ সদস্যও নিহত হয়েছেন।
খামা প্রেস-এর প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বিমান হামলায় বারমাল জেলার মুর্গ বাজার এলাকার একটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এ হামলায় বেসামরিক মানুষ গুরুতরভাবে হতাহত হয়েছেন এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। হামলার পর উদ্ধার কাজ এখনও চলমান রয়েছে।
এদিকে পাকতিকা প্রদেশের বারমালে বিমান হামলার পর তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। আফগান এই মন্ত্রণালয় জানায়, তাদের ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষা করা তাদের বৈধ অধিকার, এবং তারা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
অন্যদিকে, পাকিস্তানি কর্মকর্তারা এখনও আনুষ্ঠানিকভাবে এই বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেননি। তবে, দেশটির সামরিক বাহিনীর একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে যে, সীমান্তে তালেবানদের আস্তানাকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে।