শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
বাংলাদেশ প্রেস ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এবং বিচার দাবি করে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ইউনিটির আহবায়ক ফেরদৌস রহমান রূপক ও সদস্য সচিব শাহাজালাল উজ্জল ভূঁইয়া। সঞ্চালনার দায়িত্বে ছিলেন তারা। বক্তব্য রাখেন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা কলামিস্ট মোমিন মেহেদী, যুগ্ম আহবায়ক হুময়ুন মজিব, তোফায়েল ইসলাম, হাফিজুর রহমান, মনসুর রহমান পাশা, জাকিয়া হোসেন, মো. নাদিম আহমেদ, ফাতেমা নাসরিন প্রমুখ। এসময় সাংবাদিক নেতৃবৃন্দ দাবি করেন, সাংবাদিক শফিকসহ ৪ জন সাংবাদিকের উপর হামলা হলেও প্রশাসন এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তারা প্রশ্ন করেন, সরকার কি দেশের সাংবাদিকদের জন্য বসবাসের অনুপযুক্ত পরিবেশ তৈরি করতে চায়? যদি তা না হয়, তাহলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। অন্যথায়, বাংলাদেশ প্রেস ইউনিটি জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি ঘোষণা করবে। নেতৃবৃন্দ আরও জানান, গত ৩ মাসে ১৭৭ জন সাংবাদিক চাকুরিচ্যুত হয়েছেন, তাদের চাকরি পুনঃস্থাপন নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট গণমাধ্যমকেও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।
এটি উল্লেখযোগ্য যে, ২০০৯ সালে সাংবাদিকদের অধিকার রক্ষায় ‘ প্রেস ইউনিটির অঙ্গীকার-অপসাংবাদিকতা থাকবে না আর…’ শ্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আত্মপ্রকাশ করেছিল অনলাইন প্রেস ইউনিটি, পরে ২০২০ সালে এর নাম পরিবর্তন করে বাংলাদেশ প্রেস ইউনিটি করা হয়।