সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগর উপজেলায় মহাসড়কের পাশে এক যুবকের লাশ এবং তার মোটরসাইকেল পাওয়া গেছে। আজ রোববার দুপুরে উপজেলার তাজপুর সিলমানপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ধারে লাশটি উদ্ধার করা হয়। একইসঙ্গে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
নিহত যুবকের নাম মো. রুহুল আমিন (৩০)। তিনি সিলেট নগরের সাগরদিঘীর পাড় এলাকার বাসিন্দা, মৃত আবদুল সালামের ছেলে। পুলিশের প্রাথমিক ধারণা, কোনো গাড়ির ধাক্কায় মহাসড়কের পাশে পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রুহুল আমিনের মৃত্যু ঘটে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, ওসমানীনগরের তাজপুর সিলমানপুর এলাকায় মহাসড়কের ধারে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। এরপর ওসমানীনগর থানা ও তামাবিল হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। সেই সঙ্গে মোটরসাইকেলটি জব্দ করা হয়। জানা গেছে, ওই যুবক সিলেট থেকে ঢাকায় যাচ্ছিলেন।
তামাবিল হাইওয়ে থানার ওসি মো. হাবিবুর রহমান প্রথম আলোকে জানান, নিহতের কাছে পাওয়া পরিচয়পত্রের মাধ্যমে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। লাশ ও মোটরসাইকেল ওসমানীনগর থানায় রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।