রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
দাদি-নানিদের রূপচর্চার টোটকা নয়, এই প্রাচীন উপাদানগুলো আজকের বিশ্বেও হিট
অনলাইন ডেস্ক
সৌন্দর্যচর্চার ট্রেন্ড যতই পাল্টাক না কেন, প্রকৃতির দেওয়া উপাদান আর পূর্বপুরুষদের হাতে গড়া ঘরোয়া রেসিপির বিকল্প যেন মেলেই না। আজ যখন নামী দামি স্কিনকেয়ার ব্র্যান্ডগুলোও ফিরছে প্রাকৃতিক উপাদানের দিকে, তখন বোঝাই যাচ্ছে—এই প্রাচীন সৌন্দর্যচর্চা পদ্ধতিগুলো কতটা কার্যকর! বিশ্বের নানা প্রান্তের নারীরা যুগ যুগ ধরে ব্যবহার করে আসছেন স্থানীয় ফল, শাক, তেল কিংবা পানীয়, যেগুলো একদিকে যেমন ত্বক ও চুলের যত্নে সহায়ক, তেমনি এগুলোর পেছনে রয়েছে সংস্কৃতি ও ঐতিহ্যের গল্প। চলুন ঘুরে আসা যাক কয়েকটি দেশের বিখ্যাত রূপচর্চার উপাদানের দুনিয়ায়—যেগুলো আজও সমান জনপ্রিয়!
ভারতের ঘরে ঘরে হলুদের ব্যবহার বহু প্রাচীন। শুধু রান্নায় নয়, রূপচর্চায়ও হলুদ এক অনন্য উপাদান। এতে থাকা জীবাণুনাশক ও প্রদাহনাশক গুণ ব্রণ, ফুসকুড়ি, র্যাশের মতো ত্বকের সমস্যা দূর করে। বিয়ের আগের ‘গায়েহলুদ’ অনুষ্ঠানের পেছনেও রয়েছে এই কারণ—কাঁচা হলুদ ত্বক উজ্জ্বল করে তোলে। হলুদ নিয়মিত ব্যবহারে ত্বক হয় পরিষ্কার, দাগহীন ও প্রাণবন্ত।
জাপানি নারীদের মসৃণ ও উজ্জ্বল ত্বকের পেছনে রয়েছে এক গোপন রহস্য—চালের পানি। এই প্রাকৃতিক টোনারে থাকে খনিজ উপাদান, যা ত্বক টানটান রাখতে, বলিরেখা কমাতে এবং কোমলতা বজায় রাখতে দারুণ কার্যকর। আর মাচা নামের সবুজ চা অ্যান্টি–অক্সিডেন্টে ভরপুর, যা ত্বকের বার্ধক্য রোধে দারুণভাবে কাজ করে।
প্রাচীন মিসরের রানী ক্লিওপেট্রার সৌন্দর্যের জন্য মধুকে বলা হয় স্বর্ণতুল্য। এটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান হিসেবে ত্বককে করে রোগমুক্ত ও কোমল। নিয়মিত মধু ব্যবহারে ত্বক হয় মোলায়েম, দাগহীন এবং জ্বলজ্বলে।
মরক্কোর নারীরা শতাব্দীর পর শতাব্দী ধরে সৌন্দর্যচর্চায় আর্গান তেল ব্যবহার করে আসছেন। আর্গানগাছের ফল থেকে তৈরি এই তেলে থাকে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে গভীরভাবে আর্দ্র করে ও চুলে এনে দেয় স্বাস্থ্যোজ্জ্বল দীপ্তি। এজন্যই তো একে বলা হয় ‘লিকুইড গোল্ড’!
অস্ট্রেলিয়ার আদিবাসী নারীরা যুগ ধরে ব্যবহার করে আসছেন ক্যাকাডু প্লাম নামের এক ফল। এতে কমলালেবুর চেয়েও বেশি ভিটামিন সি থাকে! ফলে এটি ত্বকের কোষ পুনরুদ্ধারে এবং তারুণ্য ধরে রাখতে অবিশ্বাস্যভাবে কাজ করে।
বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদন হয় ব্রাজিলে, আর এখানকার নারীরা তা রূপচর্চায় দারুণভাবে কাজে লাগান। কফি দিয়ে তৈরি স্ক্রাব ত্বকের মৃত কোষ সরিয়ে রক্তসঞ্চালন বাড়ায়। ফলে ত্বক হয় প্রাণবন্ত, মসৃণ ও উজ্জ্বল। ত্বকে তাজা ভাব আনতে ব্রাজিলিয়ান কফি স্ক্রাব অনবদ্য।
আফ্রিকার দেশ নাইজেরিয়ায় শিয়া বাটার ব্যবহার চলে আসছে বহু প্রজন্ম ধরে। এতে থাকা ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ ও ই ত্বককে করে পুষ্ট, কমায় প্রদাহ ও শুষ্কতা। শিয়া বাটার ময়েশ্চারাইজার হিসেবে এতটাই কার্যকর যে, এটি এখন বিশ্বজুড়েই জনপ্রিয়।
বিশ্বজুড়ে ব্যবহৃত এসব প্রাকৃতিক উপাদান প্রমাণ করে, রূপচর্চার ক্ষেত্রে দাদি-নানিদের পরামর্শ এখনও অত্যন্ত প্রাসঙ্গিক। এসব উপাদান শুধু ত্বক বা চুল নয়, আমাদের আত্মবিশ্বাসও বাড়ায়। তাই প্রাকৃতিক রূপচর্চা পদ্ধতি নতুনভাবে জানতে ও ব্যবহার করতে দ্বিধা না করে বরং ফিরে তাকান প্রাচীন পথের দিকে—সেখানে লুকিয়ে আছে আধুনিক সৌন্দর্যের আসল রহস্য।
সূত্র: ওয়েলবিয়িং ডটকম