শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
নায়ক সাকিব হঠাৎ নিখোঁজ, দল নামল টেবিলের নিচে!
অনলাইন ডেস্ক
গ্লোবাল সুপার লিগে প্রথম ম্যাচে ঝলক দেখানো সাকিব আল হাসান এরপর যেন ছন্দ হারিয়ে ফেলেছেন। ব্যাটে ৫৭ রানের অপরাজিত ইনিংস আর বল হাতে ৪ উইকেটের জাদুকরী স্পেলে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসকে বিধ্বস্ত করে জিতেছিল দুবাই ক্যাপিটালস। কিন্তু এরপর সাকিবের পারফরম্যান্স ক্রমেই নিম্নগামী।
দ্বিতীয় ম্যাচে ফিকে থাকার পর গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষেও হতাশ করলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।
রোববার (১৪ জুলাই) গায়ানা আগে ব্যাট করে তোলে ১৩৮ রানের চ্যালেঞ্জিং স্কোর। মঈন আলি ৩৮ বলে ৪০ ও শেরফান রাদারফোর্ড ২৩ বলে ৩৩ রান করে দলকে চাঙ্গা করেন। দুবাইয়ের বোলিং আক্রমণে কালিম সানা ছিলেন নজরকাড়া—নেন ৪ উইকেট। তাকে সঙ্গ দেন ডমিনিক ড্রেকস, গুলবাদিন নাইব ও কাইস আহমেদ।
সাকিব ৪ ওভারে মাত্র ২১ রান দিলেও উইকেট শূন্য থাকেন। ব্যাট হাতেও ছন্দহীন, মাত্র ৫ বলে ৪ রান করে মঈন আলির শিকার হন। অন্য ব্যাটারদের অবস্থাও তথৈবচ। কেবল তিনজন খেলোয়াড় দুই অঙ্ক ছুঁতে পেরেছেন—সেদিকউল্লাহ আতাল (২৫), নিরোশান ডিকওয়েলা (২৬), ও কাইস আহমেদ (১০)। মাত্র ৮১ রানে অলআউট হয়ে ৫৭ রানের বড় ব্যবধানে হারে দুবাই ক্যাপিটালস। গায়ানার হয়ে ইমরান তাহির ছিলেন ধ্বংসাত্মক—দখল করেন ৪টি উইকেট।
প্রথম ম্যাচে দুর্দান্ত জয় দিয়ে যাত্রা শুরু করা দুবাই এখন টেবিলের চতুর্থ স্থানে। তিন ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ২ পয়েন্ট, নেট রান রেট মাইনাস (-০.৯৭১)।
অপরদিকে, গায়ানা তিন ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে।