বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
এজবাস্টনে ইতিহাস, গিল নেতৃত্ব দিলেন ভারতীয় টেস্ট বিপ্লবে!
অনলাইন ডেস্ক
এজবাস্টনের জয় যেন ভারতের ক্রিকেট ইতিহাসে নতুন সূর্যোদয়। তরুণ নেতা শুভমান গিল গড়লেন নজির, আর পেসার আকাশ দীপ ছড়ালেন আলোয় ভরা আগুন। পরিসংখ্যানে দেখা যাক সেই স্মরণীয় ভারতীয় সাফল্য।
বিদেশের মাটিতে ভারতের সবচেয়ে বড় জয়ের রেকর্ড। এর আগে ২০১৯-এ কোহলির অধীনে ওয়েস্ট ইন্ডিজকে ৩১৮ রানে হারিয়েছিল দল। এটা ভারতের টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ এবং ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় বৃহত্তম জয়—২০২৪-এর রাজকোট টেস্ট বাদ দিলে।
মাত্র ২৫ বছর ৩০১ দিনে বিদেশে টেস্ট জয়ে সবচেয়ে কম বয়সী ভারতীয় অধিনায়ক গিল। তিনি ছাড়িয়ে গেছেন গাভাস্কারকে, যিনি ২৬ বছর বয়সে কিউইদের হারিয়ে ইতিহাস গড়েছিলেন। পাটৌদি, শাস্ত্রী ও শচীনের পর তিনিই ভারতের চতুর্থ সর্বকনিষ্ঠ বিজয়ী অধিনায়ক।
এশিয়ার কোনো দল প্রথমবার এজবাস্টনে জয় পেল—১৯ টেস্টে প্রথম। ভারতের নবম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা। সাত হারের পর অবশেষে সেই কাঙ্ক্ষিত বিজয়, যা ভাঙল ব্যর্থতার অভিশাপ।
৪১.১ ওভারে ১০ উইকেট—১০/১৮৭। ইংল্যান্ডে ভারতের হয়ে এক টেস্টে সর্বোচ্চ উইকেট আকাশ দীপের দখলে। চেতন শর্মার ১৯৮৬ সালের ১০/১৮৮ ছাড়িয়ে এখন তার ঝলমলে রেকর্ড।
নতুন বল হাতে আকাশ দীপ ও সিরাজ মিলে শিকার করলেন ১৭ উইকেট। ভারতের ইতিহাসে টেস্টে ওপেনিং জুটিতে যৌথভাবে সর্বোচ্চ—২০০৫ ও ২০১৯ সালের রেকর্ড স্পর্শ।
দুই ইনিংসে ৫৮৭ ও ৪২৭/৬—মোট ১০১৪ রান। জয়ী দলের পক্ষে টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান। শুধু ১৯৩৪ সালে অস্ট্রেলিয়ার ১০২৮ রান বেশি।
জেমি স্মিথের ২৭২ রান (১৮৪* ও ৮৮) এক ম্যাচে ইংল্যান্ডের উইকেটরক্ষকদের সর্বোচ্চ। বিশ্ব ক্রিকেটে এই ইনিংস তৃতীয় সর্বোচ্চ।
স্টোকস-ম্যাককালামের ব্যাজবল দর্শনে এতটা রক্ষণাত্মক কখনো দেখা যায়নি—৫৪.৭% বল ডিফেন্স বা লেফট। ৭ ব্যাটার শূন্য রানে ফিরেছেন—ইংল্যান্ডের ইতিহাসে প্রথমবার এমন।
নেতৃত্বে গিল, আগুনে দীপ, আর রানবন্যায় গোটা দল—গণমাধ্যম জানায়, ভারতের ক্রিকেটের ভবিষ্যৎ এখন সাহস, প্রতিজ্ঞা আর সম্ভাবনায় ভরপুর।