বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
ইমনের ঝড়ো ফিফটি, চাপের মুখে জুটি গড়লেন হৃদয়-জাকের!
অনলাইন ডেস্ক
সিরিজ বাঁচানোর লড়াইয়ে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল। তবে ব্যাট হাতে শুরুর পর থেকেই রানের গতিতে হোঁচট খেতে শুরু করে সফরকারীরা।
গণমাধ্যম জানায়, এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩১.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান। হাতে রয়েছে আরও ১৮.২ ওভার এবং ৫ উইকেট। এখন দলের হাল ধরেছেন তাওহীদ হৃদয় ও জাকের আলী।
টপ অর্ডারে দাঁত বসান ওপেনার পারভেজ হোসেন ইমন। মাত্র ৬৯ বলে ৬৭ রানের ইনিংসে ৬টি চারের সঙ্গে হাঁকিয়েছেন ৩টি বিশাল ছক্কা। তবে ইমন ছাড়া কেউ দাঁড়াতে পারেননি। তানজিদ হাসান ৭, শান্ত ১৪, মিরাজ ৯ ও শামীম হোসেন ২২ রান করে সাজঘরে ফেরেন।
এই মুহূর্তে অপরাজিত ব্যাটার হৃদয় ২৮ ও জাকের ৬ রানে ব্যাট করছেন। টাইগারদের শেষ ভরসা এখন এ জুটি। শ্রীলঙ্কার পক্ষে বল হাতে সবচেয়ে সফল আসিথা ফার্নান্দো, ৫ ওভারে দিয়েছেন ২৩ রান, নিয়েছেন ২ উইকেট। তার সঙ্গে হাসারাঙ্গা, আসালাঙ্কা ও চামিরা তুলে নিয়েছেন একটি করে উইকেট।
ম্যাচের শুরুতে পাওয়ারপ্লেতে দারুণ ছন্দে ছিল বাংলাদেশ, তুলেছিল ৬৫ রান। ইমনের ব্যাটে আশা জাগলেও একের পর এক উইকেট পতনে মধ্য ওভারে বিপদে পড়ে দল।
আজকের একাদশে বাংলাদেশ খেলছে: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), শামীম হোসেন, জাকের আলী (উইকেটরক্ষক), তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, তানভির ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কার একাদশে আছেন: পাথুম নিসাঙ্কা, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানের্জ, দুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুশমান্থ চামিরা ও আসিথা ফার্নান্দো।