রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
গত সপ্তাহে পর্দা পড়েছে ২০২৪ প্যারিস অলিম্পিকের। এরপর আগামী ২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এবং ২০৩২ সালের অলিম্পিক অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। পরবর্তী অলিম্পিক, অর্থাৎ ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের লক্ষ্য ভারত।
দিল্লির লাল কেল্লায় বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই আকাঙ্ক্ষার কথা প্রকাশ করেছেন। তিনি আরও উল্লেখ করেছেন যে, ২০৩৬ অলিম্পিক আয়োজনের জন্য তারা প্রাথমিক প্রস্তুতি ইতোমধ্যে শুরু করে দিয়েছেন।
মোদী বলেছেন, ‘২০৩৬ সালের অলিম্পিক আয়োজন করা ভারতের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। আমরা এর প্রস্তুতি নিচ্ছি। বিশ্ব সম্প্রদায় দেখেছে কিভাবে ভারত সফলভাবে জি-২০ বৈঠক আয়োজন করেছে। এটি প্রমাণ করে যে, ভারত বড় আকারের কোনো ইভেন্ট আয়োজনের সক্ষমতা রাখে।’
তবে ২০৩৬ অলিম্পিক আয়োজনের জন্য ভারতকে আরও তিনটি দেশের সাথে প্রতিযোগিতা করতে হবে। সৌদি আরব, কাতার এবং তুরস্কও ২০৩৬ অলিম্পিক আয়োজনের জন্য আগ্রহী।
সাম্প্রতিক অলিম্পিকে ভারত ১টি রুপা ও ৫টি ব্রোঞ্জসহ মোট ৬টি পদক লাভ করেছে। টোকিও অলিম্পিকে ভারতের অর্জন ছিল ১টি সোনা, ২টি রুপা ও ৪টি ব্রোঞ্জ। ভারতের ইতিহাসে ২৬টি অলিম্পিকে অংশ নিয়ে মোট ৪১টি পদক অর্জন করেছে।