বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
নাঈম ঝড়েই বদলে গেল গলের মাঠের চিত্র!
অনলাইন ডেস্ক
মধ্যাহ্নভোজ পর্যন্ত দাপটে থাকা শ্রীলঙ্কা যেখানে লিডের পথে ছিল, সেখানেই বিরতির পর দৃশ্যপট পাল্টে দিলেন বাংলাদেশের তরুণ অফস্পিনার নাঈম হাসান। একাই ধস নামিয়ে তুলে নিলেন ক্যারিয়ারের চতুর্থ ফাইফার—আর বাংলাদেশকে এনে দিলেন মূল্যবান ১০ রানের লিড।
শ্রীলঙ্কা ৪৬৫ রানে ৬ উইকেটে থাকলেও পরবর্তী ৭.২ ওভারে মাত্র ২০ রানেই শেষ ৪ উইকেট হারায় তারা। সেই ধসেই থামে লঙ্কানদের প্রথম ইনিংস—মোট ৪৮৫ রানে অলআউট। অথচ এর আগেই বাংলাদেশের সংগ্রহ ছিল ৪৯৫ রান, যেখানে শান্তদের দুর্দান্ত ইনিংসে এসেছিল দুইটি শতক।
শ্রীলঙ্কার শেষ ভরসা ছিলেন কামিন্দু মেন্ডিস। লড়াকু ইনিংস খেলে শতকের পথে এগোচ্ছিলেন, কিন্তু নাঈমের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে ৮৭ রানে ক্যাচ তুলে দেন লিটন দাসের হাতে। সেই উইকেটেই ম্যাচে ফেরার দরজা খুলে যায় বাংলাদেশের জন্য।
এই অসাধারণ স্পেলে নাঈম হাসান টেস্ট ক্যারিয়ারে চতুর্থবারের মতো ৫ উইকেটের দেখা পেলেন। তার বোলিংয়ে এখন দারুণ চাঙা টিম টাইগার। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দায়িত্বশীল হতে পারলে সফরকারীদের সামনে জয়ের সম্ভাবনা একদমই উড়িয়ে দেওয়া যাবে না।
গলের এই লড়াইয়ে এখন উত্তেজনা তুঙ্গে। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা কেমন ঘুরে দাঁড়ায়, আর বাংলাদেশ লিড কাজে লাগিয়ে কতটা এগোয়—সেই অপেক্ষায় চোখ রাখছে পুরো ক্রিকেট দুনিয়া।