শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
ঢাকায় হঠাৎ ঝুম বৃষ্টি, তাপদাহে মিললো স্বস্তি!
অনলাইন ডেস্ক
তীব্র গরমে হাঁসফাঁস রাজধানী ঢাকাবাসীর জন্য রবিবার রাত যেন স্বর্গীয় পরশ হয়ে ধরা দিল। আবহাওয়া অফিস যেখানে আগামীকাল সোমবার (১২ মে) থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল, সেখানে প্রকৃতি যেন একদিন আগেই স্বস্তির বার্তা নিয়ে এলো। ঠিক রাত ৮টা ৩০ মিনিটের দিকে হঠাৎ করেই নেমে আসে ঝুম বৃষ্টি, যা চরম গরমে অতিষ্ঠ নাগরিকদের মাঝে নিয়ে আসে এক গভীর প্রশান্তি। দিনের প্রচণ্ড দাবদাহ শেষে এমন বৃষ্টি যেন স্বস্তির নিঃশ্বাস।
এই আকস্মিক বৃষ্টিতে শহরের রাস্তা ভিজে যায়, তাপদাহের ভার কিছুটা হলেও কমে আসে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টিপাত প্রায় এক ঘণ্টা ধরে চলবে। এদিকে আন্তর্জাতিক আবহাওয়া পূর্বাভাস প্ল্যাটফর্ম অ্যাকু ওয়েদার ও দেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুধু রাজধানী নয়—দেশের চারটি অঞ্চলেও অস্থায়ীভাবে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।
রাজশাহী, ময়মনসিংহ, কুমিল্লা এবং চট্টগ্রামের উপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে থাকতে পারে বজ্রসহ বৃষ্টি। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়াও, কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জলীয়বাষ্প ও বায়ুর পরিবর্তনের কারণে এই বৃষ্টি কিছুটা আগেভাগেই নেমেছে। টানা গরমের পর এই স্বস্তির বৃষ্টি যেন ঢাকাবাসীর জন্য প্রকৃতির পরম উপহার। রাতভর চলা এই প্রশান্তির বৃষ্টিতে হয়তো অনেকেই শান্তির ঘুম ঘুমাতে পারবে।