রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করা এবং তরুণ প্রজন্মকে আরও সম্পৃক্ত রাখার লক্ষ্যেই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
মেটার সাম্প্রতিক এক ব্লগ পোস্ট অনুযায়ী, নতুন এআই ভিত্তিক ফিচারগুলো ফেসবুকে তথ্য অনুসন্ধান, কনটেন্ট তৈরি এবং ব্যবহারকারীদের পারস্পরিক যোগাযোগের ধরনে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে।
নতুন আপডেটের অন্যতম প্রধান সংযোজন হলো ‘এআই মোড’। এই ফিচারের মাধ্যমে ফেসবুকে তথ্য খোঁজার প্রক্রিয়া আগের তুলনায় অনেক সহজ হবে। ব্যবহারকারীরা সাধারণ ভাষায় প্রশ্ন করলে মেটা এআই পাবলিক পোস্ট থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সরাসরি উত্তর প্রদান করবে। তবে এই সারাংশ ব্যক্তিগত পোস্টের উপর ভিত্তি করে তৈরি হওয়ায় নির্ভরযোগ্যতা নিয়ে কিছুটা প্রশ্ন থাকতে পারে বলে প্রযুক্তি বিশেষজ্ঞরা মত দিয়েছেন।
এছাড়া ব্যবহারকারীদের সৃজনশীলতা বাড়ানোর জন্য নতুন ভিডিও এডিটিং টুলস যুক্ত করা হয়েছে। পাশাপাশি ‘এআই ফটো প্রিসেট’ নামের একটি ফিচারের মাধ্যমে ছবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পোশাক, চুলের স্টাইল এবং চেহারার ভিন্নতা আনা সম্ভব হবে। এর আগে মেটা স্থির ছবিকে গতিশীল করার জন্য ‘অ্যানিমেটেড প্রোফাইল ফটো’ ফিচার চালু করেছিল।
মেটা জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীদের জন্য এই ফিচারগুলো উন্মুক্ত করা হবে। ইতোমধ্যে কিছু দেশে পরীক্ষামূলকভাবে এসব আপডেট চালু করা হয়েছে।
অন্যদিকে আসন্ন ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে বিশেষ ফিচার আনার পরিকল্পনাও করেছে মেটা। এজন্য বিভিন্ন ব্রডকাস্টার, ফুটবল ক্লাব, খেলোয়াড় এবং কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে অংশীদারিত্ব করা হয়েছে। ফলে বিশ্বকাপ চলাকালীন ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্যবহারকারীরা বিশেষ ইন্টারঅ্যাকটিভ কনটেন্ট উপভোগ করতে পারবেন।