শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
বাংলাদেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার দৃঢ়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের উদ্দেশ্যে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংস্কার কার্যক্রমে সমাজের সব অংশীজনকে সম্পৃক্ত করা হবে। এ প্রক্রিয়ায় সরকার সমন্বয়কারীর দায়িত্ব পালন করবে, যাতে সবার মতামতের ভিত্তিতে কার্যকর সংস্কার বাস্তবায়ন সম্ভব হয়।
তিনি আরও বলেন, প্রথমবারের মতো গণমাধ্যম সংশ্লিষ্ট সব পক্ষকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসা সম্ভব হয়েছে। এর মাধ্যমে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব সৃষ্টি হবে এবং ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের জন্য একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন সহজ হবে।
জহির উদ্দিন স্বপন জানান, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি গণমাধ্যম খাতের সংস্কার কার্যক্রমে সংশ্লিষ্ট অংশীজনদের মতামতকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা গণমাধ্যম সংস্কার, সম্পাদকীয় স্বাধীনতা, জবাবদিহিতা এবং জাতীয় গণমাধ্যম কমিশনের সম্ভাব্য কাঠামো নিয়ে নিজ নিজ মতামত তুলে ধরেন।