শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে সামগ্রিকভাবে ‘সন্তোষজনক’ হিসেবে অভিহিত করেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। শুক্রবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ মূল্যায়ন তুলে ধরে।
বিজ্ঞপ্তিতে বিকেএমইএ জানায়, এবারের বাজেটকে ঘিরে তৈরি পোশাক খাতের দুটি প্রধান প্রত্যাশা ছিল। এর একটি ছিল কর ব্যবস্থার সংস্কার এবং অন্যটি ছিল গ্যাস ও বিদ্যুতের চলমান সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানি হিসেবে সৌরবিদ্যুৎ ব্যবহারের সরঞ্জাম আমদানি সহজ করার উদ্যোগ। সংগঠনের মতে, বাজেটে এ দুই ক্ষেত্রেই ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিকেএমইএ আরও উল্লেখ করে, উৎসে কর্তিত অগ্রিম আয়কর (এআইটি) সমন্বয়ের জন্য দীর্ঘদিন ধরে শিল্পখাত একটি কার্যকর ব্যবস্থার দাবি জানিয়ে আসছে। ফেরতযোগ্য অর্থ চেক বা অন্য কোনো ইনস্ট্রুমেন্টাল ফর্মে প্রদান করে তা প্রয়োজনে অন্যান্য সরকারি পাওনার সঙ্গে সমন্বয়ের সুযোগ রাখা যেতে পারে। তবে বিষয়টি আরও পরিষ্কারভাবে ব্যাখ্যা করার প্রয়োজন রয়েছে বলে তারা মনে করে।
সংগঠনটি রপ্তানিমুখী নন-বন্ডেড প্রতিষ্ঠানগুলোর জন্য শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানি এবং দেশীয় বন্ডেড প্রতিষ্ঠান থেকে কাঁচামাল সংগ্রহের সুযোগ দেওয়ার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রপ্তানিমুখী শিল্পের বিদ্যমান সুবিধা অব্যাহত রাখা এবং বিভিন্ন প্রণোদনা ও নীতিগত সহায়তার মেয়াদ তিন থেকে পাঁচ বছর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্তও ব্যবসাবান্ধব। এ ধরনের ধারাবাহিকতা বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করবে এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে।
তবে পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার আমদানির ক্ষেত্রে ৫ শতাংশ কর আরোপের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বিকেএমইএ। তাদের মতে, বর্তমানে দেশে মাত্র একটি প্রতিষ্ঠান এ পণ্য উৎপাদন করে এবং সেটি মোট চাহিদার ১০ শতাংশেরও কম পূরণ করতে সক্ষম। দেশীয় শিল্প সুরক্ষার প্রয়োজনীয়তা থাকলেও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও বিবেচনায় রাখা জরুরি।
অন্যদিকে, দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে বাজেটে পর্যাপ্ত ও সুনির্দিষ্ট পদক্ষেপের ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছে সংগঠনটি।
একই সঙ্গে ঋণের উচ্চ সুদহার কমানোর দাবি জানিয়ে বিকেএমইএ বলেছে, বর্তমানে ঋণের ব্যয় বেড়ে যাওয়ায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমেছে। ১৩ থেকে ১৫ শতাংশ সুদে ঋণ নিয়ে দীর্ঘমেয়াদে ব্যবসা পরিচালনা করা অত্যন্ত কঠিন এবং এটি নতুন বিনিয়োগের ক্ষেত্রেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। এ বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা।