রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
রাজশাহীর কোর্ট মোল্লাপাড়া এলাকায় ভাড়া বাসায় দুই সন্তানকে নিয়ে বসবাস করেন সালমা বেগম নামের এক নারী। তার স্বামী মাদকাসক্ত হওয়ায় পরিবারের কোনো দায়িত্ব পালন করেন না বলে জানা গেছে।
পরিবার চালানোর জন্য সালমা বেগম প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করেন। একাধিক বাড়িতে কাজ শেষে তিনি বাসায় ফিরে নিজের ও সন্তানদের জন্য খাবার প্রস্তুত করেন।
দিনের কাজ শেষে তিনি দুই থেকে তিন কেজি বাদাম, ছোলা এবং মোটরদানা ভেজে বিক্রির জন্য প্রস্তুত করেন। এরপর তিনি পায়ে হেঁটে বিভিন্ন এলাকায় গিয়ে সেগুলো বিক্রি করেন।
স্থানীয়দের অনেকেই বাকিতে পণ্য নেন, ফলে নগদ বিক্রির উদ্দেশ্যে তিনি রাজশাহী নগরীর মুক্তমঞ্চ এলাকায় যান। তবে সেখানে স্থানীয় বাদাম বিক্রেতারা তাকে জনসমাগমস্থলে বসতে না দেওয়ায় তিনি পাশের সড়কের একটি কোণে বসে বিক্রি শুরু করেন।
সেই স্থানে রাত আনুমানিক নয়টার দিকে কথা হয় তার সঙ্গে। তখন পর্যন্ত তিনি প্রায় ১৫০ টাকার বাদাম ও ছোলা বিক্রি করতে সক্ষম হন।
তিনি জানান, আগে থেকে জানা না থাকায় তিনি দূর থেকে এসে এখানে বিক্রি করতে আসেন। কিন্তু পরে বুঝতে পারেন যে এখানে বসার সুযোগ সীমিত, ফলে তার পরিবহন খরচও ক্ষতির কারণ হতে পারে।