শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
মুহাম্মদ ইমরান, বোয়ালমারী প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারীতে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে গোল্ডেন লাইন পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করা হয়।
জানা গেছে, বোয়ালমারী থেকে ঢাকার সাধারণ বাস ভাড়া ৫০০ টাকা নির্ধারিত থাকলেও ঈদ মৌসুমে ওই পরিবহন যাত্রীদের কাছ থেকে ৬০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত আদায় করছিল। ক্ষুব্ধ যাত্রীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাড়ার টিকিটসহ ছবি পোস্ট করলে তা ভাইরাল হয় এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
এই খবর জানতে পেরে ইউএনও তানভীর হাসান চৌধুরী তাৎক্ষণিক অভিযান চালান পরিবহনের কাউন্টারে, সঙ্গে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অভিযানে দেখা যায়, নির্ধারিত ভাড়ার তালিকা কাউন্টারে নেই এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। তখনই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিবহন কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে ইউএনও বলেন, “ফরিদপুরে আপনারা একক পরিবহন লাইন হিসেবে যা খুশি তা করতে পারবেন না।” একইসাথে অতিরিক্ত ভাড়ার যৌক্তিকতা লিখিতভাবে প্রদানের নির্দেশ দিয়ে সতর্ক করেন, অন্যথায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।