বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
বনি আমিন, মনপুরা উপজেলা প্রতিনিধি
ভোলার মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে নিম্নমানের বালি ব্যবহারের প্রতিবাদ করতে গিয়ে নির্মম হত্যার শিকার হলেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ। স্থানীয় প্রভাবশালী গিয়াসউদ্দিন মিঝির নেতৃত্বে চালানো হামলায় গুরুতর আহত হন মামুন, রাব্বি ও রাশেদসহ আরও তিনজন।
বুধবার (১৯ মার্চ) সকালে দক্ষিণ সাকুচিয়া নুরুদ্দিন মার্কেট এলাকায় সংঘটিত এই হামলায় নিহত রাশেদ ৪নং সাকুচিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবুল কালামের ছেলে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য গিয়াসউদ্দিন মিঝি, হেলাল চৌধুরী ও পলাশ চৌধুরী দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।
আহত অবস্থায় রাশেদকে চরফ্যাশন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা বরিশাল সদর হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি হলে ঢাকা নেয়ার পথে ফরিদপুরের কাছাকাছি পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
অভিযুক্ত গিয়াসউদ্দিন মিঝি ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ৪২ নম্বর আওয়ামী লীগ সদস্য। বিএনপির দাবি, সরকার মনপুরার নদীভাঙন রোধে বাঁধ নির্মাণের কাজ করছিল, কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতা গিয়াসউদ্দিন মিঝি নিম্নমানের বালি ব্যবহার করছিলেন। তার এই দুর্নীতির প্রতিবাদ করায় রাশেদসহ অন্যদের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়।
মনপুরা বিএনপির সভাপতি বাচ্চু চৌধুরী জানান, “আমরা এই নির্মম হত্যার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
এ বিষয়ে মনপুরা থানার ওসি আহসান কবির জানান, ঘটনার তদন্ত চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।