শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে এক বিশেষ আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে খাজুরা বাজারতলির খাজুরা ইসলামিয়া ফাজিল (স্নাতক) মাদরাসা মাঠে আয়োজিত এই মহোৎসবে উপস্থিত ছিলেন এলাকার হাজার হাজার মানুষ। মাহে রমজানের তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল।
তিনি বলেন, “দেশে এমন এক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, যেখানে শাসকরা আল্লাহর ভয় অনুভব করে।” তিনি আরও বলেন, আল্লাহর দান রমজান আমাদের ইসলামের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়, যা শান্তি ও আখেরাতে মুক্তির জন্য অপরিহার্য। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাঘারপাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার। সভাপতিত্ব করেন বন্দবিলা ইউনিয়নের আমির আব্দুর রাজ্জাক খান। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল আলিম, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল সাত্তার, মাওলানা হাফিজুর রহমান এবং খাজুরা আদর্শ শাখা শিবিরের সভাপতি এবি মুন্তাসির।
মাহফিলের শেষে দোয়া ও ইফতার অনুষ্ঠানে অংশ নেন জামায়াতের নেতা-কর্মী, অঙ্গ সংগঠনের সদস্য এবং নানা শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে সবাই মিলে একত্রিত হয়ে মহান রবের কাছে শুকরিয়া আদায় করেন, এক নতুন আশা ও পরিবেশের জন্য।