শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতীতে ঘটলো এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা! বৃহস্পতিবার দুপুরে আনালিয়াবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে মুখোমুখি সংঘর্ষ হয় শ্যামলী পরিবহন ও আরপি পরিবহনের দুটি বাসের। এতে কমপক্ষে ৪০ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা শিউরে ওঠার মতো! তারা জানান, শ্যামলী পরিবহনের যাত্রী হাফিজুর রহমান বারবার চালককে ধীরগতিতে চালানোর অনুরোধ করলেও, তিনি তা উপেক্ষা করেন। অপরদিকে, আরপি পরিবহনের চালকও বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন বলে জানান যাত্রী মনির হোসেন। তার দাবি, এই চালক আগেও দুর্ঘটনায় জড়িত ছিলেন!
দুর্ঘটনার পর মুহূর্তেই নেমে আসে চরম বিশৃঙ্খলা! যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন, অনেকে গুরুতর আহত অবস্থায় বাসের ভেতর আটকে যান। পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী দ্রুত উদ্ধারকাজে নামে, আহতদের দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো—দুই বাসের চালক ও সহকারী দুর্ঘটনার পরই গা ঢাকা দিয়েছেন! আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে, তবে এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, চালকদের বেপরোয়া মনোভাবের কারণেই এ রকম প্রাণঘাতী ঘটনা ঘটছে বারবার! নিরাপদ সড়কের দাবিতে স্থানীয়দের মধ্যেও চাপা ক্ষোভ দেখা যাচ্ছে।
এই দুর্ঘটনা আবারও প্রমাণ করলো, সড়কে বেপরোয়া গতি মানেই মৃত্যুর ফাঁদ! এখন দেখার বিষয়, দায়ীদের খুঁজে বের করে কি কঠোর শাস্তির মুখোমুখি করা হবে?