রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন, “১৫ বছর ধরে আমরা আন্দোলন করেছি, রক্ত ঝরিয়েছি, নির্যাতন সহ্য করেছি। বিএনপি বীজ বুনেছে, চারা বানিয়েছে, পানি দিয়েছে—সব করলো বিএনপি। আর এক মাসে সেই ফসল কেটে নিল ছাত্র-জনতা!” তিনি কটাক্ষ করে বলেন, “এখন সবাই দাবি করছে, অথচ ১৬ বছর আমরা জেল-জুলুম সহ্য করেছি।”
সোমবার বিকেলে রাজশাহীর বাটার মোড়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি ও আওয়ামী লীগের “ষড়যন্ত্রের” বিরুদ্ধে জেলা বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিও জানান।
তিনি আরও বলেন, “একটি দল এখন বলছে, দুই সাপের একই বিষ—নৌকা আর ধানের শীষ। কিন্তু মনে রাখতে হবে, এই দেশের দায়িত্ব বিএনপিকেই নিতে হবে, তারেক রহমানই একমাত্র বিকল্প।” তিনি অন্তর্বর্তীকালীন সরকার থেকে রাজনৈতিক দল গঠনের সমালোচনা করে বলেন, “রাজপ্রাসাদে বসে দল গঠন করলে জনগণ তা মানবে না। তৃণমূলে গিয়ে মানুষের পাশে দাঁড়ান, দেখুন কেমন লাগে!”
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। প্রধান বক্তা ছিলেন বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন।
সমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার। আরও উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু বকর সিদ্দিক, দেবাশীষ রায় মধু, জেলা বিএনপির নেতা সৈয়দ মোহাম্মদ মহসিন ও গোলাম মোস্তফা মামুন প্রমুখ।