রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
নীল হেলিকপ্টারে ভেদরগঞ্জে নামলেন জামায়াতের আমির, সোজা চ্যালেঞ্জ সরকারের বিরুদ্ধে!
‘আজহারুল ইসলামকে মুক্তি দিন, না হলে আমাকে গ্রেপ্তার করুন’—ঝাঁঝালো কণ্ঠে শফিকুর রহমানের হুঁশিয়ারি। সোমবার সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা পরিষদের পাশে এক উত্তাল পথসভায় এমনই দৃপ্ত ঘোষণা দিলেন তিনি।
জেলা জামায়াতের নায়েবে আমির কে এম মকবুল হোসাইনের সভাপতিত্বে আয়োজিত সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান, জেলা আমির মুহা. আবদুর রব ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মুহাম্মদ আজহারুল ইসলাম।
শফিকুর রহমান তাঁর বক্তব্যে সরাসরি সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘প্রহসনের ট্রাইব্যুনাল দিয়ে আমাদের অনেক নেতাকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। আজও সেই প্রহসনের শিকার আজহারুল ইসলাম কারাগারে বন্দী। সরকারের পরিবর্তন হলেও তাঁকে মুক্তি দেওয়া হচ্ছে না। এতেই প্রমাণ হয়, শাসকের মুখ বদলালেও দমন-পীড়ন বন্ধ হয়নি।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ পুরোপুরি মুক্তি পাবে না, তবে আজহারুল মুক্ত হলে অন্তত একজন মজলুম মুক্তি পাবে।’ দেশকে মুক্ত করতে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যে দেশে যুবকরা এগিয়ে আসে, সেখানে আল্লাহর পক্ষ থেকে বিপ্লব আসে। আমি চাই তোমাদের মধ্যে দুটো জিনিস থাকুক—গভীর দেশপ্রেম ও আল্লাহর ভয়। তাহলেই তোমরা ষড়যন্ত্রের বিরুদ্ধে হিমালয় পর্বতের মতো দাঁড়াতে পারবে।’
সাবেক আওয়ামী লীগ সরকারের সমালোচনায়ও মুখর ছিলেন জামায়াতের আমির। তিনি বলেন, ‘ইতিহাস থেকে শিক্ষা নেয় না আওয়ামী লীগ। তারা জুলুম করেছে, লুটপাট করেছে, কানাডায় বেগমপাড়া গড়ে তুলেছে। এখন যারা পালাতে পারেনি, তারা জালে ধরা পড়ছে।’
পথসভা শেষে শফিকুর রহমান মহেশকান্দিতে প্রয়াত বেলায়েত হুসাইনের বাড়িতে যান। ২০১৪ সালের আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া ঢাকার দারুস সালাম থানার সাবেক আমিরের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
রাজনৈতিক উত্তাপের মাঝেই হেলিকপ্টারে উড়ে এসে ঝাঁজালো ভাষণ দিয়ে আবার উড়ে গেলেন জামায়াতের আমির—কিন্তু তাঁর হুমকি কি আদৌ আমলে নেবে সরকার?