বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শ্রমিক নেতার মুখোশ খুলতেই রাজনীতিতে আগুন বগুড়ায়!
বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ায় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠুকে অবাঞ্ছিত ঘোষণার ঘটনা। একদা ক্ষমতাসীনদের ছত্রছায়ায় থাকা এবং সুবিধাবাদী রাজনীতির অভিযোগে অভিযুক্ত মিঠুকে ‘হাসিনা সরকারের দোসর’ ও ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে তীব্র অবস্থান নিয়েছে বগুড়া জেলা শ্রমিক দল। মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে তিনটায় শহরের বগুড়া প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন শ্রমিক দল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা, যা তাৎক্ষণিকভাবে স্থানীয় রাজনীতিতে উত্তেজনার পারদ চড়িয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শহর শ্রমিক দলের সদস্য সচিব ও মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সামছুজ্জামান সামছু, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল। তারা একযোগে অভিযোগ তোলেন, সৈয়দ কবির আহমেদ মিঠু শুধু রাজনৈতিকভাবে অস্থির নন, বরং একজন চরম সুবিধাবাদী ও আদর্শহীন নেতা। তিনি কখনো আওয়ামী লীগের ছায়ায়, কখনো জাতীয় পার্টির ব্যানারে নিজের অবস্থান বদল করে শ্রমিক সংগঠনের নেতৃত্ব দখলের চেষ্টা করে এসেছেন। তাদের ভাষায়, মিঠু একজন রাজনৈতিক যাযাবর, যিনি শ্রমিকদের সংগঠনকে নিজের স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।
নেতারা আরও দাবি করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে মিঠু ও তার অনুসারীরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে সাধারণ শ্রমিকদের বিপথগামী করে নানা ধরনের বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টি করেছেন। এসব কর্মকাণ্ডে শ্রমিক সংগঠনের ভাবমূর্তি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি রাজনীতির মাঠেও সৃষ্টি হয়েছে অনাস্থা ও বিভ্রান্তির পরিবেশ। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই চক্রকে এখনই রুখে না দাঁড়ালে ভবিষ্যতে তারা জাতীয় স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নির্বাচন কমিশনে সৈয়দ কবির আহমেদ মিঠুসহ তার সহযোগীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হলেও আজ পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বরং মিঠু অবলীলায় মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ‘মোমবাতি’ প্রতীক নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন, যা নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করেন নেতারা।
সবশেষে বক্তারা দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন, যদি আজকের মধ্যেই আইনগত প্রক্রিয়ায় সৈয়দ কবির আহমেদ মিঠুকে নির্বাচনের অযোগ্য ঘোষণা না করা হয়, তবে তারা শ্রমিক দলের পক্ষ থেকে তাকে সম্পূর্ণভাবে বয়কট করবেন এবং মাঠে-ময়দানে প্রতিরোধ গড়ে তুলবেন। তারা স্পষ্ট ভাষায় বলেন, মিঠুর মতো সুবিধাবাদী ও ফ্যাসিস্ট নেতৃত্বকে শ্রমিক সংগঠনে স্থান দেওয়া হবে না।
সংবাদ সম্মেলনে বগুড়া জেলা শ্রমিক দলের পাশাপাশি যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, যারা সমস্বরে সৈয়দ কবির আহমেদ মিঠুর বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং তার বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার অঙ্গীকার করেন। এই ঘোষণা বগুড়ার রাজনৈতিক মাঠে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে, যা শুধু একটি নির্বাচনী প্রক্রিয়া নয়, বরং স্থানীয় রাজনীতির জটিল সমীকরণকেও প্রভাবিত করতে পারে।