বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
দাম্পত্য জীবনে পদার্পণ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
শনিবার (১২ অক্টোবর) সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ’র বিয়ের বিষয়টি নিশ্চিত করেন তার কয়েকজন সহকর্মী।
এই নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সারজিস আলম একটি ফেসবুক পোস্ট দিলে সেটি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। হাসনাতের সঙ্গে একটি ছবি শেয়ার করে সারজিস আলম তার পোস্টে লিখেছেন, ‘আল্লাহ আমাদের জীবনকে নানা নেয়ামতে পূর্ণ করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় নেয়ামত একজন ভালো জীবনসঙ্গী। আজ থেকে তুমি সেই দায়িত্ব পালন করতে যাচ্ছ। আল্লাহ তোমাদের দাম্পত্য জীবন সুখময় করুন। বিশেষ দ্রষ্টব্য: ভাবিকে এখনো আমরাও দেখিনি।’
হাসনাত আবদুল্লাহ বিয়ে করেছেন কি না, তা জানতে যোগাযোগ করা হলে ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের জানান, শুক্রবার রাতে এশার নামাজের পর তার নিজ এলাকার এক মসজিদে বিয়ে সম্পন্ন হয়েছে।
অন্য এক সমন্বয়ক তারেকুল ইসলাম নিশ্চিত করে বলেন, হাসনাত আব্দুল্লাহ’র বিয়ের তথ্য সঠিক। তিনি এ বিষয়ে নিজেও ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, ‘সব গুজবের মধ্যেও একটি সত্যি কথা হলো— গতকাল হাসনাত আব্দুল্লাহ ভাই সত্যিই বিয়ে করেছেন। পরিবারিকভাবে ছোট আয়োজনে বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। সবাই নবদম্পতির জন্য দোয়া করবেন।’