সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
২১ আগস্ট মামলার নতুন মোড়, সামনে উত্তপ্ত শুনানি!
অনলাইন ডেস্ক
২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের পরবর্তী শুনানির তারিখ ২৬ মে ধার্য করেছে দেশের সর্বোচ্চ আদালত।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চ এই দিন ধার্য করেন, যা দেশের আলোচিত বিচারিক অধ্যায়ের আরেকটি মোড় ঘুরানোর ইঙ্গিত দিচ্ছে।
এর আগে, ২০২৩ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট একটি রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দেন, যা দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপর ১৯ মার্চ রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে গিয়ে এই খালাসের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করে।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় প্রাণ হারান ২৪ জন এবং গুরুতর আহত হন শতাধিক নেতা-কর্মী। হামলার পর মতিঝিল থানায় দায়ের হয় দুটি মামলা—একটি হত্যা, অন্যটি বিস্ফোরক দ্রব্য আইনে।
২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় সিআইডি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করলে মামলা গড়ায় বিচারে। তবে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অধিকতর তদন্তের মাধ্যমে আসামির তালিকায় যুক্ত হয় তারেক রহমানসহ আরও ৩০ জনের নাম।
দীর্ঘ তদন্ত ও বিচার শেষে ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূর উদ্দিন বহুল আলোচিত রায় ঘোষণা করেন। এতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন এবং আরও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
এই রায়ের দেড় মাস পর, ২০১৮ সালের ২৭ নভেম্বর ডেথ রেফারেন্সসহ মামলার সম্পূর্ণ নথিপত্র হাইকোর্টে জমা পড়ে। ২০২২ সালের ৫ ডিসেম্বর থেকে শুরু হয় ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের শুনানি। শুরুতে বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চে শুনানি চললেও পরবর্তীতে আন্দোলনের প্রেক্ষিতে বেঞ্চ পুনর্গঠন করা হয়।
এরপর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চে মামলার শুনানি সম্পন্ন হয় এবং ২০২৩ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট সব আসামিকে খালাস দেন। এই রায় নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা, যার বিরুদ্ধে এবার লড়াই হবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে।
রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি ঘিরে আবারও উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক ও বিচারিক অঙ্গনে। এখন দেখার বিষয়, ২৬ মে কী মোড় নেয় ২১ আগস্টের ঐতিহাসিক এই মামলার ভবিষ্যত বিচারিক প্রক্রিয়া।