মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
বেরোবি ছাত্র হত্যায় ভিসিসহ ২৬ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট!
অনলাইন ডেস্ক
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসাথে বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদ বাচ্চু, প্রক্টর শরীফুল ইসলামসহ রংপুরের ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।
সোমবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারক এই গুরুত্বপূর্ণ নির্দেশ দেন।
এর আগে, সকালে জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদ হত্যার অভিযোগ আনুষ্ঠানিকভাবে পেশ করে প্রসিকিউশন। ওই অভিযোগে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টরসহ ৩০ জনকে আসামি করা হয়, যাদের মধ্যে পুলিশ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্রলীগ নেতৃবৃন্দের নাম রয়েছে।
আসামিদের মধ্যে ৪ জন ইতোমধ্যে কারাগারে রয়েছেন—তারা হলেন পুলিশ কর্মকর্তা আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র, সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। এই ৪ জন বাদে বাকি ২৬ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।
আবু সাঈদের পরিবার হত্যার বিচার চেয়ে গত ১৩ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দেয়। তদন্ত শেষে প্রতিবেদনে ৩০ জনের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মেলে বলে গণমাধ্যমকে জানিয়েছে প্রসিকিউশন।