শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
লকারে খোলা ট্রাঙ্কেই ধরা খেল ইতিহাস প্রশ্ন ফাঁস!
অনলাইন ডেস্ক
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন আসন্ন এইচএসসি পরীক্ষার ইতিহাস দ্বিতীয়পত্রের (বিষয় কোড-৩০৫) প্রশ্নপত্র বাতিল করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।
শনিবার (২১ জুন) গণমাধ্যমে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় নওগাঁর ধামইরহাট উপজেলার সরকারি এম এম ডিগ্রি কলেজের জন্য নির্ধারিত এইচএসসি ২০২৫-এর প্রশ্নের তিনটি ট্রাঙ্ক রাখা হয়েছিল ধামইরহাট থানার লকার রুমে। প্রশ্ন বাছাইয়ের সময় একটি ট্রাঙ্ক তালা খোলা অবস্থায় এবং ইতিহাস ২য় পত্রের (বিষয় কোড-৩০৫) একটি প্যাকেট লকার রুমের কোণে পড়ে থাকতে দেখা যায়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যদিও ওই প্যাকেটের কিছু প্রশ্ন ছেঁড়া অবস্থায় ছিল, তবে প্রশ্নপত্রের সংখ্যা ঠিকঠাক পাওয়া গেছে বলে জানিয়েছেন নওগাঁর জেলা প্রশাসক।
ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান ও দায়ীদের শনাক্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
যে সেটের প্রশ্নপত্র খোলা অবস্থায় পাওয়া গেছে, সেই সেট বাতিল ঘোষণা করা হয়েছে সব কেন্দ্রের জন্য। তবে বোর্ডের কাছে একই বিষয়ের আরও কয়েকটি বিকল্প সেট সংরক্ষিত থাকায় পরীক্ষায় কোনো ধরনের বিঘ্ন ঘটবে না।