বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
“রাস্তা নয় যেন মরণফাঁদ! খুলনার যোগীপোলে চলতে গিয়ে মরার মত অবস্থা”
মামুন মোল্লা: খুলনা
খুলনার ৬ নম্বর যোগীপোল ইউনিয়ন পরিষদের প্রধান সড়কটি যেন এখন এক মরণফাঁদে পরিণত হয়েছে। রাস্তার বেহাল দশা আর গর্তে ভরা এই পথটিতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় পুরো সড়ক। ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় বৃষ্টির পানিতে রাস্তা মনে হয় ছোটখাটো বন্যা হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বৃদ্ধ, গর্ভবতী নারীসহ প্রতিদিনের পথচারী ও যানবাহনের যাত্রীরা।
স্থানীয় বাসিন্দা মোঃ মোশারফ হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে রাস্তার কোনো সংস্কার হয়নি। পাশের ড্রেনগুলোতে পানি যাওয়ার পথ নেই, তাই সামান্য বৃষ্টিতেই রাস্তা পানিতে ডুবে যায়।”
এ নিয়ে যোগীপোল ইউনিয়ন পরিষদের সদস্য জি. এম. এনামুল কবির জানান, “প্রধান সড়কটি সংস্কারের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে চাহিদা পাঠানো হয়েছে।”
সংরক্ষিত নারী সদস্য সাহারা জলি খানম বলেন, “এলাকাবাসী অভিযোগ করেছে, আমিও চাই দ্রুত রাস্তাটির সংস্কার কাজ শুরু হোক।”
ইউনিয়ন পরিষদের সচিব আসমা খাতুন জানান, “রাস্তার কাজের বিষয়ে এলজিইডি দ্রুত ব্যবস্থা নেবে এবং ড্রেন পরিষ্কারের জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। ঈদের আগেই কিছু কাজ শুরু হবে।”
দিঘলিয়া উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল বলেন, “এই অর্থবছরে বাজেট সংকট রয়েছে, তবে আগামী অর্থবছরের শুরুতেই রাস্তার বাজেট উপস্থাপন করা হবে।”
এই ভোগান্তি শেষ হবে কবে—সেই প্রশ্নেই দিন গুনছে যোগীপোলবাসী।