বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
পণ্য বিতরণে নৈরাজ্য, চাপে নারী ও শিশুরা
কেফায়েত উল্লাহ, মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা পৌর এলাকায় টিসিবি’র পণ্য বিতরণে তীব্র হয়রানির অভিযোগ উঠেছে। আজ দুপুরে সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, কার্ডধারী নারী-পুরুষরা ঘন্টার পর ঘন্টা তপ্ত রোদে দাঁড়িয়ে আছেন পণ্য সংগ্রহের আশায়। সকাল সাড়ে সাতটা থেকে তারা লাইন ধরেছেন, দুপুর বারোটার সময়ও অনেকে পণ্য হাতে পাননি। ভুক্তভোগীরা সাংবাদিকদের দেখে ক্ষোভ প্রকাশ করতে ছুটে আসেন।
জিয়া নগরের মরিয়ম, নবী নগরের রোকেয়া ও দক্ষিণ মুসলিম পাড়ার আয়েশা বেগম জানান, সকাল সাড়ে সাতটায় কার্ড জমা দিয়েও এখনো পণ্য পাননি। ক্ষুব্ধ শামসুন্নাহার বলেন, “গতকাল ১২০ টাকা খরচ করে এসেও কিছু পাইনি। আজ আবার ১২০ টাকা খরচ করে ৫৫০ টাকার পণ্য পাইলাম। এভাবে কতদিন চলবে?”
১ নং ওয়ার্ডের সুলতান আহমদ বলেন, আলুটিলা থেকে মাটিরাঙ্গায় এসে প্রতিবারই অতিরিক্ত ১০০ টাকা খরচ হয়। অথচ দীর্ঘ লাইনে দাঁড়িয়েও অনেক সময় পণ্য মেলে না। ষাটোর্ধ্বা মাইমুনা বেগমসহ উপস্থিত নারীরা জানান, ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে কোমর ব্যথা, মাথা ঘোরা ও ছোট শিশুদের কান্নাকাটিতে তারা অতিষ্ঠ।
অনেকে অভিযোগ করেন, আগের মাসেও কয়েকদিন ধরে পণ্য সংগ্রহের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। ভুক্তভোগীরা টিসিবি বুথ সংখ্যা বৃদ্ধি ও ওয়ার্ড পর্যায়ে পণ্য বিতরণের জোর দাবি জানান। সেই সঙ্গে মসজিদের মাইক ও অনলাইনে তারিখ ও সময় জানানো হোক বলেও পরামর্শ দেন।
পরিবেশক ছিদ্দিক মিয়া বলেন, প্রতিদিন তিনটি ওয়ার্ডের পণ্য দেওয়ার কথা থাকলেও সবাই একসাথে চলে আসায় বিশৃঙ্খলা হচ্ছে। তবে এর সমাধান কীভাবে করা যায়, সে বিষয়ে কোনো স্পষ্ট উত্তর দিতে পারেননি তিনি।
বিতরণ কার্যক্রমের দায়িত্বে থাকা ফারুক খান জানান, “মাত্র একটি মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে স্ক্যানিং করতে গিয়ে সময় লাগছে।”
এ বিষয়ে ট্যাগ অফিসার মোহাম্মদ শাহাদাৎ হোসেন জানান, তিনি বর্তমানে জেলা সদরে প্রশিক্ষণে আছেন, সেজন্য উপস্থিত থাকতে পারেননি। তবে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার মন্তব্য পাওয়া যায়নি।