বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
রাজশাহীতে রুদ্ধশ্বাস অভিযান! মা-ছেলের কারখানা থেকে ২৭৮ লিটার চোলাই মদ জব্দ
গোলাম কিবরিয়া, বিশেষ প্রতিনিধি রাজশাহী
রাজশাহীর দুর্গাপুরে গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এক রুদ্ধশ্বাস অভিযানে ২৭৮ লিটার দেশীয় চোলাই মদসহ মা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারকৃতরা হলেন দুর্গাপুর উপজেলার কুহাড় গ্রামের রিয়াজুল ইসলামের স্ত্রী জাহানারা বেগম (৪৮) ও তাদের ছেলে সম্রাট (২২)।
এর আগে, মঙ্গলবার (২৯ এপ্রিল) গভীর রাতে দুর্গাপুর থানার ওসি দুরুল হোদার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল কুহাড় শাহাজিপাড়া এলাকায় অভিযান চালায়। বাড়িটি ঘিরে ফেলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ ও মদ তৈরির উপকরণসহ মা-ছেলেকে হাতেনাতে আটক করে পুলিশ।
ওসি দুরুল হোদা জানান, “দীর্ঘদিন ধরে তারা এলাকায় গোপনে মদ তৈরির ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয় এবং ৩০ এপ্রিল দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।” তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান, কাউকে ছাড় দেওয়া হবে না।”
এদিকে পুলিশি অভিযানে এলাকায় স্বস্তি নেমে এসেছে। স্থানীয় সচেতন মহল পুলিশের এমন সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে।