রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
নোয়াখালীর হাতিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে ঘিরে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় জেলা জুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সকাল থেকে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এ নিয়ে নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়। তবে ভিডিওটি সম্পূর্ণ ভুয়া বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ইউএনও মো. আলাউদ্দিন। তার ভাষ্য, শত্রুতার কারণে কেউ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তাকে ঘিরে অপপ্রচার চালানোর চেষ্টা করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২৯ সেকেন্ডের ভিডিওটি ছড়িয়ে পড়ার খবর পাওয়ার পর সোমবার সকালেই ইউএনও তার কর্মস্থল ত্যাগ করে জেলা সদরের উদ্দেশে রওনা দেন। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তিনি সকাল ৯টার দিকে অফিসে উপস্থিত হয়েছিলেন এবং অল্প সময়ের মধ্যেই দ্রুত জেলা সদরের দিকে চলে যান। যাওয়ার আগে এ বিষয়ে অফিসে বিস্তারিত কিছু জানাননি।
ইউএনও কার্যালয়ের একাধিক কর্মকর্তা জানান, সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি তারা শুনেছেন। তবে এখন পর্যন্ত সংশ্লিষ্ট নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে কিছু মানুষের ধারণা, এটি একটি পরিকল্পিত ফাঁদ হতে পারে।
এ বিষয়ে জানতে ইউএনও মো. আলাউদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে এক গণমাধ্যমকর্মীকে তিনি জানিয়েছেন, আগের কর্মস্থলের কিছু বিরোধের কারণে কেউ এআই প্রযুক্তির মাধ্যমে ভুয়া ভিডিও তৈরি করে তাকে হেয় করার চেষ্টা করছে। তিনি বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, বিষয়টি তিনি গণমাধ্যমের মাধ্যমেই জেনেছেন। ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং বিষয়টি যাচাই করা প্রয়োজন। তিনি আরও জানান, ইউএনও সোমবার সকালে তার কার্যালয়ে ছুটির আবেদন জমা দিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন।