বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক ,
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ১২ অক্টোবর ইতালির রোমে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দেবেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, ড. ইউনূস আমন্ত্রিত অতিথি হিসেবে ওয়ার্ল্ড ফুড ফোরামের গ্লোবাল মিটিংয়ে বক্তব্য রাখবেন। এছাড়া তিনি সম্মেলনের ফাঁকে উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হবে।
ওয়ার্ল্ড ফুড ফোরাম মূলত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) উদ্যোগে আয়োজন করা হয়। এতে বিশ্বব্যাপী নীতিনির্ধারক, উদ্যোক্তা ও গবেষকরা খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন।
ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্ট এফএও সদর দপ্তরে আগামী ১০-১৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই সফর আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক ভূমিকার এক গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হচ্ছে।