রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
ইউসুফ (আ.) কবর ঘিরে আগুন, রক্তে রঙিন নাবলুস!
অনলাইন ডেস্ক
ফিলিস্তিনের নাবলুস শহরে নবী হজরত ইউসুফ আলাইহিস সালামের সমাধি জিয়ারতে যায় একদল ইসরায়েলি। এসময় স্থানীয় ফিলিস্তিনিরা তাদের বাধা দিলে দুইপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। এতে আহত হন কয়েকজন ইসরায়েলি।
ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লার বরাতে শুক্রবার (২৭ জুন) এই খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদন অনুযায়ী, সংঘর্ষে জড়ানো ইসরায়েলিরা মূলত শুভু বনিম নামের একটি কট্টর ধর্মীয় গোষ্ঠীর অনুসারী, যার নেতা যৌন অপরাধে দণ্ডিত রাবি এলিয়েজার বারল্যান্ড। সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং ইসরায়েলিদের উদ্ধার করে।
তবে ইসরায়েলের আরেক সংবাদমাধ্যম হায়োম জানায়, সংঘর্ষের পর ফিলিস্তিনি কর্তৃপক্ষের পুলিশই প্রথমে ইসরায়েলিদের উদ্ধার করে, পরে তাদের আইডিএফের হাতে তুলে দেয়।
ওয়াল্লা জানিয়েছে, সংঘর্ষের খবর ছড়িয়ে পড়ার পর আরও কিছু ইসরায়েলি নাবলুসে প্রবেশের চেষ্টা করলে শহরের প্রবেশপথেই তাদের থামিয়ে দেয় আইডিএফ।
ওয়াল্লার খবর অনুযায়ী, হজরত ইউসুফ আলাইহিস সালামের সমাধির কাছাকাছি ফিলিস্তিনি বাসিন্দারা ইসরায়েলিদের গতিরোধ করেন। একপর্যায়ে উভয়পক্ষ ইট-পাটকেল ছুড়তে থাকে। এতে বেশ কয়েকজন ইসরায়েলি আহত হন।
পরবর্তীতে পুলিশ সকল ইসরায়েলিকে নিরাপদে উদ্ধার করে। বর্তমানে এই ঘটনার তদন্ত চালাচ্ছে স্থানীয় প্রশাসন।
প্রসঙ্গত, মুসলিম ও ইহুদি উভয় সম্প্রদায়ের কাছেই হজরত ইউসুফ (আ.) সম্মানিত নবী। তবে অনেক মুসলিম দাবি করেন, নাবলুসের ওই সমাধিতে মূলত ১৮ শতকের মুসলিম আলেম শেষ ইউসুফ দাওইকত সমাহিত। এ নিয়ে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে প্রায়ই উত্তেজনা দেখা দেয় বলে জানিয়েছে।