বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
দেশেই গরু যথেষ্ট, এবার আমদানি পুরোপুরি বন্ধ!
অনলাইন ডেস্ক,
চলতি বছরের কোরবানি ঈদে গবাদি পশুর চাহিদা পূরণে দেশে পর্যাপ্ত সরবরাহ রয়েছে, ফলে বাইরে থেকে পশু আনতে হচ্ছে না—এমনটাই জানালেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
রবিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর বাজার, চাহিদা ও সরকারের প্রস্তুতি নিয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি।
উপদেষ্টা জানান, এবার কোরবানির জন্য প্রস্তুত রয়েছে এক কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩৩৭টি গবাদি পশু। জাতীয় চাহিদা মেটার পরও প্রায় ২০ লাখ ৬৮ হাজার পশু অতিরিক্ত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ফরিদা আখতার বলেন, “আমদানি না করলেও সমস্যা হবে না। বরং অবৈধ পথে পশু প্রবেশ ঠেকাতে আজ থেকেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই সীমান্ত দিয়ে গরু আসতে দেওয়া হবে না।”
তিনি আরও জানান, মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধভাবে পশু ঢোকার গুঞ্জন রয়েছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে—যে কোনো অনুপ্রবেশ কঠোরভাবে দমন করতে হবে।
সরকারি ব্যবস্থাপনায় গরু পরিবহনে বিশেষ ট্রেন চালুর ঘোষণা দিয়ে উপদেষ্টা বলেন, “উত্তরবঙ্গ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত কোরবানির পশু বহনের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে।”
রাজধানীর দুই সিটি কর্পোরেশনে বসা ১৯টি পশুর হাটে প্রাথমিক চিকিৎসার জন্য ২০টি ভেটেরিনারি মেডিকেল টিম এবং দুটি বিশেষজ্ঞ মেডিকেল টিম কাজ করবে বলেও গণমাধ্যমকে জানান তিনি।