বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
“দুই মাসের অপেক্ষার অবসান, রুপালি ইলিশের টানে জেগে উঠেছে জেলে পাড়া!” 🎣
বনি আমিন, মনপুরা উপজেলা প্রতিনিধি
কয়েকদিন আগেও জেলে পাড়ার নিস্তব্ধ মুখগুলোয় ছিল কেবল নীরব আর্তনাদ। অলসভাবে নদীর দিকে তাকিয়ে থাকতো তারা—প্রতীক্ষায়, একটুকরো আশার। অবশেষে সেই আশার আলো হয়ে আজকের পহেলা মে-র সূর্য উঠেছে নতুন বার্তা নিয়ে। দীর্ঘ দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ রাতেই, খুলছে নদীতে মাছ ধরার দ্বার। এ খবরে জেলে পাড়ার ঘরে ঘরে বইছে ঈদের মতো উৎসবের আমেজ। রুপালি ইলিশ ধরা পড়বে জালে, বাজারে বাড়বে কোলাহল, আর মুখে ফিরবে হাসি। অভাবের অন্ধকারে একটু আলো খুঁজে পাচ্ছেন জেলে ও ট্রলার মালিকরা।
সকালেই মনপুরার দাসের হাটে দেখা যায় ব্যস্ততা। কেউ ড্রাম ধুচ্ছেন, কেউ নতুন জাল বুনছেন বা তা সাজিয়ে তুলছেন নৌকায়। কুপিতে তেল ভরে নিচ্ছেন রাতের অভিযানের প্রস্তুতিতে। আবার কেউবা মাছ রাখার ঝুপড়ি তৈরি করছেন যত্ন করে। চারপাশে যেন উৎসবের এক অন্য রঙ। এ সময় কয়েকজন জেলে ও ট্রলার মালিক জানালেন, “এই কাজই আমাদের সবকিছু। দু’মাস কাজ না থাকায় আমরা চরম কষ্টে ছিলাম। ব্যবসায়ীদের তেমন ক্ষতি না হলেও জেলেরা ছিল নিঃস্ব।” এখন আবার শুরু হবে জীবনের লড়াই, নতুন আশায় বুক বাঁধছেন তারা।