বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
ফিলিস্তিনে রক্ত ঝরছে, লক্ষ্মীপুরের রাস্তায় গর্জে উঠলো মুসলিম ছাত্রসমাজ!
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর কেন্দ্রীয় চকবাজার জামে মসজিদ থেকে জুমার নামাজ শেষে ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে এক বিশাল প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করা হয়। কর্মসূচির শিরোনাম ছিলো— ‘মার্স ফর ফিলিস্তিন’।
মিছিলটি চকবাজার জামে মসজিদ থেকে শুরু হয়ে উত্তর তেমুহনী বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এরপর সেখানে ট্রাফিক চত্বরে আয়োজিত হয় এক বিশাল প্রতিবাদ সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দিন। তিনি বলেন, “আজ সারা বিশ্বের মুসলিমদের নিয়ে ইসরায়েল তামাশা করছে। মুসলমানদের মধ্যে ঐক্যের অভাবের কারণেই ফিলিস্তিনের মানুষ আজ নির্যাতিত হচ্ছে। এই পরিস্থিতিতে আমরা যে যেখানে আছি, সেখান থেকেই আমাদের প্রতিবাদ জানাতে হবে। সেই সঙ্গে ইসরায়েলের সকল পণ্য বর্জন করাও আমাদের দায়িত্ব।”
সভায় আরও বক্তব্য রাখেন ছাত্র শিবিরের শহর ও জেলা শাখার নেতৃবৃন্দ। বক্তারা সবাই একবাক্যে ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানান।